ইউরোপের শেষ প্লে–অফ ফাইনাল ৩১ মার্চ ২০২৬। তার পরেই ঘোষণা হবে ৪৮ দেশের পূর্ণাঙ্গ তালিকা। অর্থাৎ, ৩০ দেশ জায়গা পাক্কা করলেও এখনও ১৮টি সিট নিয়ে অঙ্ক কষার পালা।

ছবি: গুগল
শেষ আপডেট: 16 November 2025 14:56
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় আসর—প্রথমবার খেলতে নামবে ৪৮টি দল। আয়োজক তিন দেশ—আমেরিকা (USA), মেক্সিকো (Mexico) এবং কানাডা (Canada)—আগেই জায়গা পাকা করেছে। পাশাপাশি শেষ কয়েক মাসে বিভিন্ন মহাদেশ থেকে আরও ২৭টি টিম কেটে ফেলেছে বিশ্বকাপের টিকিট। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩০টি দেশের নাম নিশ্চিত। বাকি ১৮টি সিটের লড়াই চলবে ২০২৬ সালের মার্চ পর্যন্ত।
কারা উঠেছে বিশ্বকাপে?
ইউরোপ, আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা—সব কনফেডারেশন থেকেই দলগুলি ছাড়পত্র জোগাড় করেছে। আফ্রিকা (CAF) থেকে আলজেরিয়া, কেপ ভের্দে, মিশর, ঘানা, আইভরি কোস্ট, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা। এশিয়া (AFC) থেকে অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডন, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান। দক্ষিণ আমেরিকার (CONMEBOL) আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে। ইউরোপ (UEFA) থেকে ইংল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া। ওশেনিয়া (OFC) থেকে নিউজিল্যান্ড। আয়োজক হিসেবে তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা—অটোমেটিক যোগ্যতা পেয়েছে।
এখনও কোন কোন জায়গা ফাঁকা?
নভেম্বরে ইউরোপ থেকে আরও ৯টি দল বুকিং করে ফেলবে। এরপর মার্চ ২০২৬–এ প্লে-অফ, ইন্টার–কনফেডারেশন ম্যাচ—সব মিলিয়ে তৈরি হবে পূর্ণ তালিকা।
বাকি জায়গাগুলোর বিভাজন:
কনকাকাফ বা উত্তর আমেরিকা–মধ্য আমেরিকা–ক্যারিবিয়ান (CONCACAF): ৩
ইউরোপ (UEFA): মোট ১৩—তার মধ্যে এখনও কয়েকটি সিট ফাঁকা
ইন্টার–কনফেডারেশন প্লে–অফ: ২
ইন্টার–কনফেডারেশন প্লে–অফ কীভাবে?
মার্চ ২০২৬–এ মেক্সিকোতে আয়োজন। এখানে খেলবে ছ’টি দল—এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়া থেকে একটি করে, সঙ্গে কনকাকাফ অঞ্চল থেকে দু’টি দল। ওই ছ’দেশের মধ্য থেকে দুটো টিম শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট পাবে।
মার্চে উঠবে পর্দা
ইউরোপের শেষ প্লে–অফ ফাইনাল ৩১ মার্চ ২০২৬। তার পরেই ঘোষণা হবে ৪৮ দেশের পূর্ণাঙ্গ তালিকা। অর্থাৎ, ৩০ দেশ জায়গা পাক্কা করলেও এখনও ১৮টি সিট নিয়ে অঙ্ক কষার পালা। নভেম্বরের জানালা আর মার্চের প্লে–অফ—এই দুই পর্যায়েই নির্ধারিত হবে কারা খেলতে পারবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে।