আন্তর্জাতিক ফুড গাইড TasteAtlas-এর তালিকায় বিশ্বের সেরা ফিউশন খাবারের মধ্যে একাধিক ভারতীয় খাবার স্থান পেল। তালিকায় আপনার পছন্দের খাবার আছে কি না দেখুন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 October 2025 15:48
দ্য ওয়াল ব্যুরো: কোনও একটা কুইসিন নয়। মিক্সড অ্যান্ড ম্যাচে বাজিমাত করেন বহু শেফ। আর তা চেটেপুটে নিতে আমরা তো রেডি। একঘেয়ে খাবারের স্বাদ ভুলিয়ে 'ফিউশন খাবার' আনে টুইস্ট। বিশ্বজুড়ে এই ফিউশন খাবারেরই সেরার সেরা তালিকা সম্প্রতি প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুড গাইড TasteAtlas। তাতে রয়েছে আমার-আপনার একাধিক প্রিয় খাবার।
আসলে ভারতের চারটি খাবার এই তালিকায় জায়গা করে নিয়েছে, একটি অ্যাংলো-ইন্ডিয়ান ক্যাটাগরিতে এবং তিনটি ইন্ডো-চাইনিজ বিভাগে।
১. চিকেন টিক্কা মশলা (অ্যাংলো-ইন্ডিয়ান)
চিকেন টিক্কা বানিয়ে তা মশলা ও ক্রিমি গ্রেভিতে মাখিয়ে পরিবেশন করা হয়। এই খাবার দিল্লি-সহ উত্তর ভারতে বেশ জনপ্রিয়। TasteAtlas-এর মতে, 'চিকেন টিক্কা মশলা' ব্রিটিশ খাবার যা ভারতীয় রান্নার মিশেলে পরে তৈরি হয়। এই খাবারের সঠিক উৎপত্তি অস্পষ্ট। কেউ বলছেন ১৯৭০-এর দশকে গ্লাসগোতে পাকিস্থানি শেফ আলি আহমেদ আসলাম এটি তৈরি করেছিলেন। আবার কেউ মনে করেন এটি ভারতীয় বাটার চিকেন বা সাধারণ চিকেন টিক্কার একটি পরিবর্তিত রূপ, যা ব্রিটিশ স্বাদের সঙ্গে খাপ খাইয়ে পরিবর্তিত হয়েছিল।
২. হাক্কা নুডলস (ইন্ডো-চাইনিজ)
হাক্কা নুডলস জনপ্রিয় স্ট্রিট ফুড। দেশের সব প্রান্তেই পাওয়া যায়। চাইনিজ রান্নার অনুপ্রেরণায় তৈরি কিন্তু ব্যবহার হয় ভারতীয় মশলা ও সস। স্টির-ফ্রাই করা নুডলসের সঙ্গে সবজি, সয় সস এবং এক চিমটি লঙ্কা মিশিয়ে তৈরি হয় হাক্কা নুডলস। এর সঙ্গে ডিম, চিকেন, চিংড়ি স্বাদমতো ব্যবহার করে অনেকে।
৩. মাঞ্চুরিয়ান (ইন্ডো-চাইনিজ)
মাঞ্চুরিয়ান ইন্ডো-চাইনিজ ক্লাসিক। ভাজা সবজি বা চিকেন বলের সঙ্গে মশলাদার সয় ও বিভিন্ন সস মেশানো হয়। এর নাম শুনে চাইনিজ ডিশ মনে হলেও এটি মূলত ভারতীয় চাইনিজ।
৪. ম্যানচাও স্যুপ (ইন্ডো-চাইনিজ)
ম্যানচাও স্যুপ খুবই জনপ্রিয় আমাদের সকলের কাছে। সবজি, সয় সস, রসুন এবং আদা দিয়ে তৈরি হয়। ক্লিয়ার স্যুপের থেকে সামান্য ঘন, সঙ্গে দেওয়া হয় ভাজা নুডলস। শীতে বা বর্ষায় খেতে অপূর্ব লাগে।