এক গবেষণায় জানা গেছে, রামেনের স্যুপ-সহ নিয়মিত খেলে শরীরে ক্ষতি হতে পারে। পুরুষদের মধ্যে এর মৃত্যুঝুঁকি বেশি।

রামেন
শেষ আপডেট: 27 September 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো: একসময় ছিল সাধারণ জাপানি কমফর্ট ফুড, এখন বিশ্বজুড়ে কুলিনারি সেনসেশন রামেন। কিন্তু এই জনপ্রিয় নুডলস স্যুপ বারবার খাওয়া কি একেবারেই নিরাপদ? সাম্প্রতিক এক গবেষণা বলছে, জনপ্রিয় এই খাবার বারবার খেলে শরীরের ক্ষতি তো বটেই, মৃত্যুঝুঁকিও বাড়তে পারে।
২০২৫ সালে 'দ্য জার্নাল অব নিউট্রিশন, হেলথ অ্যান্ড এজিং'-এ প্রকাশিত একটি গবেষণায় জানানো হয়েছে, রামেন খাওয়ার অভ্যাস ও মৃত্যুঝুঁকির মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। ইয়ামাগাতা কোহর্ট স্টাডির ৬,৭২৫ জনের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা। অংশগ্রহণকারীদের রামেন খাওয়ার অভ্যাস চার ভাগে ভাগ করা হয়েছিল-
৪.৫ বছর ধরে পর্যবেক্ষণে দেখা গিয়েছে, অধিকাংশ মানুষ মাসে ১–৩ বার বা সপ্তাহে ১–২ বার রামেন খান। যাঁরা নিয়মিত রামেন খান, তাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন পুরুষ, তুলনামূলক কম বয়সি, বিএমআই বেশি, ধূমপান করেন, মদ্যপ এবং ডায়াবেটিস বা হাইপারটেনশনের মতো অসুখে ভুগছিলেন।
মৃত্যুঝুঁকি কার বেশি?
গবেষণায় উঠে এসেছে, সপ্তাহে বারবার রামেন খাওয়া বিশেষত ৭০ বছরের নিচের পুরুষদের মধ্যে মৃত্যুঝুঁকি বাড়ায়। যাঁরা স্যুপের অর্ধেক বা তার বেশি অংশ খেয়েছেন এবং অ্যালকোহলও সেবন করেছেন, তাঁদের ঝুঁকি তুলনায় আরও বেশি। তবে আশ্চর্যের বিষয়, মাসে একবারের কম রামেন খাওয়া ব্যক্তিদের ঝুঁকিও কমেনি। গবেষকদের মতে, তাঁরা আগেই শারীরিকভাবে অসুস্থ থাকায় রামেন খাওয়া এড়িয়ে গিয়েছিলেন।
কারণ কী?
রামেন ও এর স্যুপে থাকে প্রচুর লবণ। গবেষকদের মতে, বারবার খেলে শরীরে সোডিয়াম জমে যায়, যা উচ্চ রক্তচাপ, স্ট্রোক কিংবা গ্যাস্ট্রিক ক্যানসারের ঝুঁকি বাড়ায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) জানিয়েছে, অতিরিক্ত লবণ খাওয়া রক্তচাপ বাড়িয়ে হৃদরোগ এবং স্ট্রোকের আশঙ্কা তৈরি করে।
গবেষণায় সতর্ক করা হয়েছে, বারবার রামেন খাওয়া, বিশেষত স্যুপ-সহ এবং অ্যালকোহলের সঙ্গে, অনেকের ক্ষেত্রেই মৃত্যুঝুঁকি বাড়াতে পারে।