দ্য ওয়াল ব্যুরো: ২০২০ দিওয়ালি অন্য বছরগুলোর থেকে একদম আলাদা। করোনা আবহে পালিত হচ্ছে সব অনুষ্ঠান। সুরক্ষাবিধিকে মেনে বি-টাউনও মেতে উঠেছে আলো উৎসবে।এবছর সত্যিই শুধু আলো দিয়েই পালিত হয়েছে আলোর উৎসব। করোনা কালে কোনও রকম বাজি পটকা ফাটানোর অনুমতি দেননি সুপ্রিম কোর্ট। ফলে শব্দদূষণ আর পরিবেশ দূষণ আগের বারের থেকে এবার অনেকটাই কম। শান্ত পরিবেশেই, ঘরোয়া ভাবে পালিত হয়েছে বলিউডের নায়িকাদের দীপাবলি। বাদ যাননি মহেশ ভাট কন্যা আলিয়াও!
স্টাইল স্টেটমেন্ট নিয়ে আলিয়া ভাট বরাবরই এক্সপেরিমেন্ট করেন। তবে এবার দিওয়ালিতে তিনি এথনিক পোশাককেই প্রাধান্য দিয়েছেন। দীপাবলি ও শিশুদিবস একই দিনে হওয়াই, আলিয়া একইসঙ্গে দুটো অনুষ্ঠানই উদযাপন করেছেন। দিওয়ালির শুভেচ্ছা এবং শিশু দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন ইনস্টাগ্রামে।
আলিয়ার স্টাইলিস্ট আমি পাটেল জানান যে, "আলিয়ার লেহেঙ্গা ১৩ জন কারিগর মিলে বানিয়েছেন। আর তাতে ফেব্রিক দিয়ে ছবি এঁকেছেন ৩৫ জন বাচ্চা। আমাদের পুরো লেহেঙ্গাটা বানাতে চার মাস সময় লেগেছে।"
দীপাবলির রাতে মধুরা ক্রিয়েশনের গোলাপি লেহেঙ্গাতে সেজে উঠেছেন 'গাল্লিবয়'-এর নায়িকা। চার মাস ধরে তৈরি হয়েছে আলিয়ার লেহেঙ্গা। এমব্রয়ডারি কাজ রয়েছে পুরো লেহেঙ্গা জুড়ে। যা 'এওএল' স্কুলের ছেলে মেয়েরা নিজের হাতে বানিয়েছেন। সেই ছবি তিনি নিজেই পোস্ট করেন ইনস্টাগ্রামে এবং ক্যাপশনে লেখেন, "লেবার অফ্ লাভ!"
অক্সিডাইস্ড সিলভার ঝুমকো, সিলভারের চুড়ি, মুখের ন্যুড মেকআপ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক আর কপালে ছোট্ট কালো টিপ আলিয়ার দীপাবলি লুকসকে করে তুলেছে স্টানিং। বলাই বাহুল্য, হালকা পনিটেল, স্লিভলেস ব্লাউজ আর গোলাপি লেহেঙ্গাতে বলি সুন্দরী মন কেড়েছেন নেটিজেনদের।