২১ সেপ্টেম্বর জুবিনের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভিডিও বার্তা দেন গরিমা। তিনি বলেন, 'জুবিন বাড়ি ফিরছে। ওঁ বেঁচে থাকাকালীন আপনারা যেমন ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, সেই ভালোবাসা যেন শেষ যাত্রাতেও থাকে।...'
.jpg.webp)
ফাইল চিত্র
শেষ আপডেট: 24 September 2025 23:00
দ্য ওয়াল ব্যুরো: জুবিন গর্গের মৃত্যুর (Zubeen Garg Demise) পর তাঁর স্ত্রী গরিমা সাইকিয়া গর্গের পোস্ট ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। স্বামীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েও তিনি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে শান্ত থাকার অনুরোধ করেছেন। একইসঙ্গে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়েও সরব হয়েছেন। কিন্তু তাঁর এই আবেদন অনেকেরই ভাল লাগেনি। শুরু হয়েছে নেটিজেনদের একাংশের কটূক্তি, ট্রোলিংয়ের ঝড় (Garima Garg Faces Online Trolls)। তবে এই লড়াইয়ে গরিমা একা নেই, তাঁর পাশে দাঁড়িয়েছেন বহু অচেনা মানুষ।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয় জুবিন গর্গের (Zubeen Garg Demise)। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে অসমজুড়ে। এরপরই সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রশ্ন উঠতে থাকে, তাঁর সঙ্গে থাকা ম্যানেজার ও পরিচিতদের দিকে অভিযোগের আঙুল ওঠে।
এই পরিস্থিতিতে ২১ সেপ্টেম্বর জুবিনের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভিডিও বার্তা দেন গরিমা। তিনি বলেন, 'জুবিন বাড়ি ফিরছে। ওঁ বেঁচে থাকাকালীন আপনারা যেমন ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, সেই ভালোবাসা যেন শেষ যাত্রাতেও থাকে। আগামীকাল শেষকৃত্য শান্তিপূর্ণভাবে হোক, এই কামনাই করি। রাজ্য প্রশাসন ও পুলিশ আমাদের পূর্ণ সহযোগিতা করছে।"
তিনি স্পষ্টভাবে বলেন, "সিদ্ধার্থ শর্মা তাঁদের পরিবারেরই একজন। যখনই কেউ সিদ্ধার্থর বিরুদ্ধে কিছু বলেছে, জুবিন নিজেই তাঁকে সমর্থন করেছে। আমি সবার কাছে অনুরোধ করছি, এখন কোনও নেতিবাচক মন্তব্য করবেন না। আমি সব প্রিয় মানুষদের কাছে চাই, আর সিদ্ধার্থকে ছাড়া আমি কিছুই করতে পারব না", বলেন গারিমা।
কিন্তু তাঁর এই বক্তব্য অনেকের ক্ষোভ বাড়িয়ে তোলে। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ মন্তব্য করেন, "স্বামী মারা যাওয়ার পরও কেন তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত? এটা অদ্ভুত লাগছে।" আবার কেউ অভিযোগ করেন, গরিমা স্বামীর নিরাপত্তার ব্যাপারে সচেতন ছিলেন না, তাঁকেই দায়ী করা উচিত। অনেকে বলেন, এই ভিডিওটি হয়তো চাপে পড়ে দেওয়া হয়েছে।
তবে গরিমার পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ। কেউ লিখেছেন, "যারা গরিমাকে অপমান করছে তাদের আইনি জবাব দেওয়া উচিত। ১৯৯৪ সাল থেকে গরিমা জুবিনের পাশে থেকেছেন। আজ তাঁকে দোষারোপ করা অন্যায়।" অসমের প্রাক্তন সিভিল সার্ভিস অফিসার পুনম গোগোই ইনস্টাগ্রামে লেখেন, 'গারিমা সাইকিয়া গর্গ শুধু জুবিনের স্ত্রী নন, তিনি তাঁর ভালোবাসা, তাঁর শক্তি। এই মুহূর্তে তাঁকে বিচার নয়, সমর্থন দেওয়া উচিত। আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক যাতে সত্য প্রকাশ পায়, আর কোনও প্রশ্ন না থাকে।' অন্য এক নেটিজেন লিখেছেন, 'জুবিন দা যেমন গরিমার পাশে দাঁড়াতেন, এখন আমাদের দায়িত্ব গারিমার পাশে দাঁড়ানো।'
অসম সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে এই মৃত্যু নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হবে। তবে ব্যক্তিগত শোকের মুহূর্তেও গরিমাকে ট্রোল করা অনেকের কাছে অমানবিক মনে হয়েছে। তাঁদের মতে, গরিমার শোক ও জনরোষ একসঙ্গে মিশে গিয়ে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।