আমেরিকার একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠানো হয়। মুম্বই পুলিশ সূত্রে খবর, অপরাধ দমন শাখা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যে নম্বর থেকে বার্তাটি পাঠানো হয়েছে, তার বিস্তারিত জানতে সরকারি প্রোটোকল মেনে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের (Ranveer Singh) কাছে ১০ কোটি টাকা চেয়ে তোলা চেয়ে হুমকি।
শেষ আপডেট: 20 February 2026 12:37
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা রণবীর সিংয়ের (Ranveer Singh) কাছে ১০ কোটি টাকা চেয়ে তোলা চেয়ে হুমকি। অভিযোগ উঠেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, আমেরিকার একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠানো হয়। মুম্বই পুলিশ সূত্রে খবর, অপরাধ দমন শাখা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যে নম্বর থেকে বার্তাটি পাঠানো হয়েছে, তার বিস্তারিত জানতে সরকারি প্রোটোকল মেনে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী ‘হ্যারি বক্সার’ নামের এক ব্যক্তি রণবীরের ম্যানেজারের কাছে ভয়েস নোট পাঠিয়ে ১০ কোটি টাকা দাবি করে। তদন্তকারীদের দাবি, হোয়াটসঅ্যাপ অডিওর কণ্ঠস্বরের হ্যারি বক্সারের সঙ্গে মিল রয়েছে। যদিও বিষয়টি প্রমাণে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। অপরাধ দমন শাখার আধিকারিকরা জানিয়েছেন, চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়ির বাইরে গুলি চলার ঘটনার পরপরই এই হুমকি আসে। ওই ঘটনার কিছুক্ষণের মধ্যেই রণবীরের ম্যানেজারের মোবাইলে ভয়েস বার্তাটি পৌঁছয়। হুমকির পর রণবীর সিংয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাঁর ম্যানেজারের বয়ান রেকর্ড করেছে পুলিশ। আপাতত কোনও এফআইআর দায়ের হয়নি, তবে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
চলতি মাসের শুরুতে একটি যাচাই-না-হওয়া অডিও ক্লিপ প্রকাশ্যে আসে, যেখানে নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ‘হ্যারি’ বলে দাবি করা এক ব্যক্তি রণবীর ও রোহিতের নাম উল্লেখ করে হুমকি দেয়। অডিওতে শোনা যায়, “রণবীর সিং, তোমার সঙ্গে এমন ব্যবহার করা হবে যা তোমার সাত পুরুষ মনে রাখবে। তুমি খুব জ্ঞান দিতে ভালোবাসো, মানুষকে থানায় অভিযোগ করতে বলো। ঠিক আছে, তুমি অভিযোগ করেছ, কোনও সমস্যা নেই।”
বার্তায় আরও বলা হয়, “মন দিয়ে শোনো, তোমার প্রতিটি ম্যানেজার ও কর্মীর সম্পূর্ণ তথ্য আমাদের কাছে আছে। তারা কোথায় থাকে, কখন অফিসে যায়, কখন ফেরে, তাদের পরিবার কোথায় থাকে। তোমাকে সরাসরি কিছু বলব না। তোমার অধীনে যারা কাজ করে, তাদের নিশানা করা শুরু করব। তখন তোমার মগজ খুলবে। সময় থাকতে লাইনে চলে এসো।” হিন্দি চলচ্চিত্র জগতের প্রতিও সতর্কবার্তা দেওয়া হয়। গ্যাংয়ের ফোন বা বার্তা উপেক্ষা করলে পরিণতি ভোগ করতে হবে।
উল্লেখ্য, ‘হ্যারি বক্সার’-এর নাম এর আগেও সামনে এসেছে। গত বছর কানাডায় কৌতুক অভিনেতা কপিল শর্মার (Kapil Sharma) মালিকানাধীন এক ক্যাফেতে গুলি চলার ঘটনার পর একটি বার্তায় দায় স্বীকার ও বলিউডের একাধিক ব্যক্তিকে হুমকি দেওয়া হয়েছিল। সেই অডিওতে অভিনেতা সলমন খানের (Salman Khan) সঙ্গে কাজ করা ব্যক্তিদেরও টার্গেট করার হুঁশিয়ারি দেওয়া হয়। এ পর্যন্ত রণবীর সিং বা রোহিত শেঠির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।