যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর টিজার প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তুমুল সাড়া।

যশের ‘টক্সিক’
শেষ আপডেট: 20 February 2026 13:55
দ্য ওয়াল ব্যুরো: অন্ধকার জগৎ আর গ্যাংস্টার কাহিনি সিনেদুনিয়ায় নতুন নয়। তবু শুক্রবার প্রায় দু’ মিনিটের এক ঝলকেই যেন তোলপাড় করে দিলেন ‘কেজিএফ’ খ্যাত যশ (Yash)। তাঁর নতুন ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর টিজার প্রকাশ্যে (Toxic Teaser) আসতেই মুহূর্তে তা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। জানুয়ারিতে জন্মদিনে অনুরাগীদের কথা দিয়েছিলেন, একেবারে নতুন অবতারে ফিরবেন। সেই প্রতিশ্রুতি রাখতেই আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর ‘টক্সিক কিং’ রূপে ধরা দিলেন তিনি। বিস্ফোরণ, গুলির শব্দ আর বারুদের গন্ধে ভরা ‘লার্জার দ্যান লাইফ’ সেই ঝলক যেন শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেয়।
এই গল্প কোনও প্রচলিত নায়কের নয়, বরং অন্ধকার সাম্রাজ্যের নির্মম শাসক গ্যাংস্টার রায়াকে ঘিরে। এই চরিত্রেই দেখা যাবে যশকে। ছবির নাম আর টিজার দুটোই স্পষ্ট করে দেয়, এই ‘সর্বনাশের গল্প’ শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। প্রায় দেড় মিনিটের টিজারের শুরুতেই দেখা যায়, রয়্যাল সার্কাসের তাঁবুর মধ্যে হঠাৎই ডন স্টাইলে প্রবেশ রায়ার। মুহূর্তের মধ্যে আনন্দঘন পরিবেশ বদলে যায় বিস্ফোরণ, গুলির লড়াই আর রক্তাক্ত সংঘর্ষে। এরপর প্রতিপক্ষের চুলের মুঠি ধরে ভাঙা কাঁচের জানালায় আছড়ে ফেলার মতো ভয়ঙ্কর দৃশ্য আরও স্পষ্ট করে দেয় চরিত্রটির নির্মমতা। টিজার জুড়েই রয়েছে রক্তাক্ত সংঘর্ষ আর নির্দয় অ্যাকশন। মার্চে মুক্তির আগে এই দ্বিতীয় ঝলকেই যেন আসন্ন ‘রক্তস্নান’-এর আভাস দিয়ে রাখলেন দক্ষিণী সুপারস্টার। উল্লেখযোগ্যভাবে, প্রথম টিজারে গোরস্থানের যৌনদৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় পরিচালক গীতু মোহনদাস এবার সম্ভবত সচেতনভাবেই শয্যাদৃশ্য রেখেছেন।
এই তীব্র অ্যাকশন আর রগরগে উপস্থাপনা দেখে নেটিজেনদের একাংশ ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন—এই ছবি নাকি ‘অ্যানিম্যাল’ ও ‘ধুরন্ধর’-কেও ছাপিয়ে যাবে! টিজার দেখে প্রশংসায় ভাসিয়েছেন করণ জোহর এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা। জানা গেছে, ২০২৬ সালের ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পাবে এই অন্ধকার রূপকথা। ছবির পটভূমি নব্বইয়ের দশকের গোয়া, যেখানে মাদকচক্র, অপরাধ আর ক্ষমতার দাপটে তৈরি হয়েছিল এক নিষ্ঠুর সাম্রাজ্য। সেই অন্ধকার জগতের নির্মম বাস্তবতার ঝলকই তুলে ধরেছে এই টিজার।
মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় তৈরি হলেও ছবিটি মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল এবং মালয়ালম ভাষাতেও। ছবিতে যশের পাশাপাশি রয়েছেন কিয়ারা আডবানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া, নয়নতারা এবং রুক্মিণী বসন্ত। এত বড় তারকাসমৃদ্ধ কাস্ট এবং আন্তর্জাতিক মানের অ্যাকশন সিকোয়েন্সের জেরে ছবিটি যে দক্ষিণী বলয়ের পাশাপাশি হিন্দি দর্শকদের মধ্যেও বড় ব্যবসা করবে, তা বলাই যায়। এখন দেখার, এই ‘টক্সিক কিং’-এর অন্ধকার রূপকথা মুক্তির পর ঠিক কতটা ঝড় তোলে বক্স অফিসে।