ভেন্টিলেশনে থাকা সেলিম খানের শারীরিক অবস্থার খবর বাইরে ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন সলমন খান। গোপনীয়তা বজায় রাখতে হাসপাতালকে কড়া বার্তা পরিবারের।

সলমন খান ও সেলিম খান
শেষ আপডেট: 20 February 2026 11:37
দ্য ওয়াল ব্যুরো: তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহল নতুন নয়। সেই কারণেই চিত্রনাট্যকার সেলিম খান (Salim Khan) হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলিউডে। গত তিন দিন ধরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল চত্বরে ভিড় জমাচ্ছেন পাপারাজ্জিরা। চিকিৎসকরাও নিয়ম করে তাঁর শারীরিক অবস্থার আপডেট তাঁদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন সলমন খান (Salman Khan)। ঘনিষ্ঠ সূত্রের খবর, বাবার স্বাস্থ্যের খবর বাইরে ফাঁস হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।
মঙ্গলবার দুপুর থেকেই সেলিম খানের আরোগ্য কামনায় প্রার্থনায় মগ্ন বলিউড। এদিন সকালে আচমকাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমদিকে তাঁর শারীরিক অবস্থার অবনতির কারণ স্পষ্ট না হলেও পরে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই পরিস্থিতি জটিল হয়েছিল। প্রথমে অস্ত্রোপচারের সম্ভাবনার কথা শোনা গেলেও বুধবার চিকিৎসকেরা জানান, সামান্য ব্রেন হেমারেজ হওয়ায় অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি। যদিও তিনি ভেন্টিলেশনে রয়েছেন, তবু আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।
তবে এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষুব্ধ সলমন খান। বলিউডের অন্দরের খবর, সেলিম খানের শারীরিক অবস্থার কোনও তথ্য যেন বাইরে প্রকাশ না করা হয়, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে স্পষ্ট অনুরোধ জানিয়েছে খান পরিবার। পরিবারের মতে, কারও স্বাস্থ্যসংক্রান্ত তথ্য অত্যন্ত ব্যক্তিগত বিষয় এবং তা মিডিয়ার সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয়। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সেলিম খানের শারীরিক অবস্থার সমস্ত আপডেট ভবিষ্যতে শুধুমাত্র পরিবারের তরফ থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানানো হবে। সেই কারণেই হাসপাতালকে কড়া বার্তা দেওয়া হয়েছে, ভিতরের কোনও তথ্য আর যেন বাইরে না যায়।
প্রসঙ্গত, এর আগেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি থাকাকালীন পাপারাজ্জিদের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন তাঁর ছেলে সানি দেওল। সেলেব মহলে শোনা যায়, হাসপাতালের বাইরে অতিরিক্ত ভিড় এবং বাড়াবাড়িতেই বিরক্ত হয়ে বাবার মৃত্যুর খবর প্রথমে প্রকাশ করতে চাননি তিনি। যদিও সেই সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে এবং তাঁর ভাই ববি দেওল-কেও। তবে কঠিন সময়ে তারকাদের ব্যক্তিগত পরিসর রক্ষা করার পক্ষে অনেকেই তাঁদের সমর্থন করেছিলেন।
এবার একই পরিস্থিতির মুখোমুখি হয়ে বাবার শারীরিক অবস্থার খবর বাইরে চলে আসায় লীলাবতী হাসপাতালের চিকিৎসকদের উপর অসন্তোষ প্রকাশ করলেন সলমন খান। এই ঘটনায় আবারও উঠে এল তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং মিডিয়ার সীমারেখা নিয়ে পুরনো বিতর্ক।