টেকনিশিয়ানদের অভিযোগ ছিল বেতন বৃদ্ধি হয়নি। তাই তাঁরা নতুন মেগা সিরিয়ালে কাজ শুরু করতে নারাজ। সম্প্রচারে যাতে ব্যাঘাত না ঘটে, এজন্যে পুরনো মেগাগুলির শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এবং প্রযোজক নিসপাল সিং রানে রয়েছেন এই কো-অর্ডিনেটের দায়িত্বে। ছবি: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 31 May 2025 18:58
টেকনিশিয়ানদের অভিযোগ ছিল বেতন বৃদ্ধি হয়নি। তাই তাঁরা নতুন মেগা সিরিয়ালে কাজ শুরু করতে নারাজ। সম্প্রচারে যাতে ব্যাঘাত না ঘটে, এজন্যে পুরনো মেগাগুলির শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। খবর ছিল, চ্যানেল-প্রযোজক-টেকনিশিয়ান গিল্ড এবং ফেডারেশন, সব পক্ষের আলোচনা, মীমাংসা হবে। নির্দিষ্ট শতাংশ বেতন বৃদ্ধির আশ্বাস পেলে, তবেই এই তিন মেগার কাজ শুরু হবে।
গত বুধবার অর্থাৎ ২৮ মে ছিল সেই আলোচনা। কী হল সেই আলোচনায়? কী কী প্রসঙ্গ উঠে এল সেই আলোচনায়? আদৌ কি এই ‘শুটিং বন্ধ’-এর সিদ্ধান্ত বহাল থাকবে? এমনই কিছু প্রশ্ন ছিল ফেডারেশন ঘনিষ্ট এক সূত্রের কাছে। তিনি বলেন, ‘অনেক কিছু ঘটেছে, তবে ইতিবাচক পরিণতিতে আলোচনা পর্ব মিটেছে। আমরা আশাবাদী আগামী ১০ জুনের মধ্যে বেতন বৃদ্ধির সমস্যাসহ আরও বেশ কিছু সমস্যার সমাধান হবে।’
মূলত টেকনিশিয়ানদের বেতনবৃদ্ধির দাবিতেই নতুন মেগা সিরিয়ালগুলোর শুটিং বন্ধ হয়েছিল, কিন্তু এ ছাড়া বাকি সমস্যার প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘একেবারে ঠিক, বেতনবৃদ্ধি ছিল মূল, কিন্তু তার সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি ফেডারেশন অফ সিনে টেনকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স-এর পক্ষ থেকে ছিল, যেমন শুটিংয়ে উন্নত মানের এবং পুষ্টিকর খাবার পরিবেশন, প্রত্যেকটি স্টুডিয়োতে উপযুক্ত ক্যান্টিন, মহিলা কলাকুশলী এবং টেকনিশিয়ানদের জন্য পরিচ্ছন্ন শৌচাগার, সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি ত্রিপক্ষীয় কমিটি এবং একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করতে হবে।’
তাহলে শুধু দাবি নয়, সেই দাবি কার্যকরী হচ্ছে কি না তা খতিয়ে দেখবে ত্রিপক্ষীয় পর্যবেক্ষণ কমিটি (tripartite monitoring committee)? প্রশ্নের উত্তরে আরেক সূত্র বলেন, ‘এই কমিটিতে থাকবেন চ্যানেল কর্তৃপক্ষ, ফেডারেশন এবং প্রযোজক’, তাঁরা গোটাটা খতিয়ে দেখবেন।’
কিন্তু এমনই এক অ্যাসোসিয়েশন ছিল, যার নাম ছিল West Bengal Television Producers Association (WBTPA), যাঁরা টেকনিশিয়ানদের বেতন থেকে যাবতীয় সমস্যার বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে সাহায্য করতেন। নতুন খবর, WBTPA ভেঙে ফেলা হয়েছে। তার পরিবর্তে tripartite monitoring committee গঠন হয়েছে। tripartite monitoring committee সমস্ত বিষয় আলোচনা করবে, এবং যে কোনও সমস্যার ২৪ ঘন্টার মধ্যে সমাধানের চেষ্টায় থাকবে।
খবর, এই কমিটিতে তিনটি চ্যানেল থেকে দু’জন করে সদস্য থাকছেন। মোট ছ’জন। এছাড়া থাকছেন তিনজন প্রযোজক এবং তিনজন ফেডারেশনের সদস্য। শুধু তাই নয়, ত্রিপক্ষীয় পর্যবেক্ষণ কমিটির দু’জন কো-অর্ডিনেটর। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এবং প্রযোজক নিসপাল সিং রানে রয়েছেন এই কো-অর্ডিনেটের দায়িত্বে।
সূত্রের এও খবর, ‘বেতন বৃদ্ধি, পুষ্টিকর খাবার, স্টুডিয়োতে ক্যান্টিন এবং মহিলা শৌচাগার, প্রত্যেকটি বিষয় নিয়ে ফেডারেশন দৃঢ় প্রতিজ্ঞ এবং বদ্ধপরিকর। যদি এ নিয়ে কোনও ব্যবস্থা না নেওয়া হয়, সেক্ষেত্রে আগামী ৩-৪ মাসের মধ্যে আজীবন শুটিং বন্ধের পথে হাঁটতে পারে ফেডারেশন। তবে আলোচনা ফলপ্রসূ ছিল এবং প্রত্যেকে আশাবাদী, যে টলিপাড়ায় শুটিং নিয়ে সমস্ত সমস্যার মীমাংসা শীঘ্রই হতে চলেছে।’ গোটা বিষয় নিয়ে ফেডারেশন সভাপতিকে ফোন করা হয়, তিনি ফোন তুলে বলেন, ‘অপেক্ষা করুন, ভাল খবর দেব’।