বাবার পদবি ছাড়াই বলিউডে নিজের পরিচয় গড়েছেন তব্বু। কেন কখনও ‘হাশমি’ নাম ব্যবহার করেননি তিনি?

তব্বু
শেষ আপডেট: 4 February 2026 23:18
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তব্বু (Tabu)। তাঁর অভিনয়ের পরিসর যেমন বিস্তৃত, তেমনই নানা সময়ে আলোচনায় এসেছে তাঁর ব্যক্তিগত জীবনও। খুব একটা মুখ খুলতে না চাইলেও, কিছু সাক্ষাৎকারে নিজের শৈশব ও পারিবারিক অভিজ্ঞতার কথা অকপটে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
‘রেন্ডেজভাস উইথ সিমি গারেওয়াল’-এ দেওয়া একটি পুরনো সাক্ষাৎকারে তব্বু নিজের ছোটবেলার নানা স্মৃতির কথা বলেন। তিনি জানান, তাঁর শৈশব কেটেছে হায়দরাবাদে। বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর তিনি দাদু-দিদার সঙ্গে থাকতেন। তাঁর মা ছিলেন একজন শিক্ষিকা, আর বেশির ভাগ সময় কাটত মায়ের মায়ের সঙ্গেই।
তব্বু স্পষ্ট করে বলেন, তাঁর জীবনে দিদার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিনেত্রীর কথায়, “আমার দিদা নিয়মিত প্রার্থনা করতেন, বই পড়তেন। আমিও সেই পরিবেশেই বড় হয়েছি।” তিনি জানান, ছোটবেলায় তিনি ছিলেন ভীষণ শান্ত ও ভীতু। খুব একটা কারও সঙ্গে কথা বলতেন না। বই পড়া আর প্রার্থনাই ছিল তাঁর দৈনন্দিন অভ্যাস। তবে মা ও দিদার মতো মানসিক ভাবে দৃঢ় নারীদের কাছে মানুষ হওয়াই তাঁকে শান্ত ও সরল মানুষ করে তুলেছে বলে মনে করেন তিনি।
এই সাক্ষাৎকারেই উঠে আসে আর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন কখনও বাবার পদবি ব্যবহার করেননি তব্বু? বিষয়টি নিয়ে একেবারেই রাখঢাক না করে অভিনেত্রী জানান, তিনি কখনওই বাবার পদবি ‘হাশমি’ ব্যবহার করার প্রয়োজন অনুভব করেননি। তাঁর কথায়, “আমি আসলে কখনওই এটা ব্যবহার করিনি। আমার মনে হয়নি যে বাবার পদবি ব্যবহার করা আমার জন্য জরুরি। আমি সবসময় তাবাসসুম ফাতিমা ছিলাম—ফাতিমাই ছিল স্কুলে আমার পদবি।”
তব্বুর কাছে সেই নামই যথেষ্ট ছিল, যেটা নিয়ে তিনি বড় হয়েছেন। এমন কারও কাছ থেকে কিছু নেওয়ার প্রয়োজন তিনি অনুভব করেননি, যাঁকে জীবনে সেভাবে কখনও কাছে পাননি বলেও স্পষ্ট করেন অভিনেত্রী।
বাবার সঙ্গে সম্পর্ক ও মানসিক দূরত্ব নিয়েও অকপট তব্বু। তিনি বলেন, “বাবার সঙ্গে আমার কোনও স্মৃতি নেই। আমার বোন মাঝেমধ্যে ওঁর সঙ্গে দেখা করেছে, কিন্তু আমার কখনও ওঁর সঙ্গে দেখা করার ইচ্ছা হয়নি। আমি ওঁকে নিয়ে আগ্রহী নই। আমি যেভাবে বড় হয়েছি, যেভাবে আছি, তাতে আমি খুশি। নিজের জীবনে আমি খুব স্থির।”
উল্লেখ্য, তব্বুর আসল নাম তাবাসসুম। কিংবদন্তি অভিনেতা দেব আনন্দই তাঁকে ‘টাবু’ নামটি দিয়েছিলেন। একটি জন্মদিনের অনুষ্ঠানে তাঁকে দেখে দেব আনন্দ মুগ্ধ হন এবং পরে ‘হাম নওজাওয়ান’ ছবিতে অভিনয়ের সুযোগ দেন। সেই ছবিতে টাবু অভিনয় করেছিলেন অভিনেতার মেয়ের চরিত্রে। তারও আগে, মাত্র ১১ বছর বয়সে ‘বাজার’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর রুপোলি পর্দায় যাত্রা শুরু হয়েছিল।