রাজামৌলির ছবির মাঝেই ‘ডন ৩’ জল্পনা—শাহরুখের সঙ্গে আবার কি রোমা হয়ে ফিরছেন প্রিয়াঙ্কা?

ফাইল চিত্র
শেষ আপডেট: 4 February 2026 18:19
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ছয় বছর পর ফের ভারতীয় সিনেমার আলোয় প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ২০১৯ সালে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর পর আর বলিউডের পর্দায় দেখা যায়নি তাঁকে। এই সময়টায় একাধিক হলিউড প্রজেক্টে ব্যস্ত থেকেছেন ‘দেশি গার্ল’। তবে এত বছর পর যখন ভারতীয় ছবিতে তাঁর প্রত্যাবর্তন ঘটতে চলেছে, তখন কি বলিউড নয়—দক্ষিণমুখী হচ্ছেন প্রিয়াঙ্কা?
গত এক মাস ধরে রাজামৌলির বহুল প্রতীক্ষিত বিগবাজেট ছবি ‘বারাণসী’র শুটিংয়ের জন্য নিয়মিত ভারতে যাতায়াত করছেন প্রিয়াঙ্কা চোপড়া। মহেশবাবুর সঙ্গে এই ছবির কাজই আপাতত তাঁর মূল ফোকাস। এর মাঝেই বিটাউনে গুঞ্জন ছড়ায়—দুটি হাই-প্রোফাইল হিন্দি ছবির হাত ধরে বলিউডে ঘর ওয়াপসি করতে চলেছেন প্রিয়াঙ্কা। একটি ফারহান আখতারের ‘ডন ৩’, অন্যটি হৃতিক রোশন পরিচালিত ‘কৃশ ৪’। প্রশ্ন উঠছে, সত্যিই কি এই দুই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন দেশি গার্ল?

‘ডন’ ও ‘কৃশ’ দুটিই বলিউডের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজির মধ্যে পড়ে। একদিকে শাহরুখ খান, অন্যদিকে হৃতিক রোশন, দু’জনের সঙ্গেই অতীতে কাজ করেছেন প্রিয়াঙ্কা। আর আজ তিনি নিজেই এক গ্লোবাল স্টার। ফলে এই দুই বিগবাজেট ছবিতে তাঁর নাম জড়ানোয় স্বাভাবিকভাবেই উত্তেজনা তুঙ্গে।
সম্প্রতি ফারহান আখতারের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে রণবীর সিংয়ের না থাকার খবর সামনে আসে। তার পর থেকেই নতুন করে জল্পনা শুরু—এই ছবির জন্য আবারও প্রস্তাব গিয়েছে শাহরুখ খানের কাছে। শোনা যাচ্ছে, বাদশা নাকি শর্ত রেখেছেন, অ্যাটলি পরিচালক হলে তবেই তিনি ‘ডন’ হিসেবে ফিরবেন। এই আবহেই নতুন ‘রোমা’র সন্ধান শুরু হয়েছে। এক সময় এই চরিত্রে কিয়ারা আডবানির নাম শোনা গেলেও, এখন গুঞ্জন বলছে—শাহরুখ ফিরলে ‘ডন ৩’-এ ‘জংলি বিল্লি’ রূপে প্রিয়াঙ্কাকেই ভাবা হচ্ছে।
তাহলে কি আবারও পর্দায় আগুন ধরাবেন ‘ডন-রোমা’ জুটি? বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেননি প্রিয়াঙ্কাও। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “‘কৃশ’ হোক বা ‘ডন’, এই দু’টি সিনেমা নিয়ে আমি আপাতত কিছু বলতে পারব কিনা জানি না।” কথায় আছে, পুরনো চাল ভাতে বাড়ে, এই মন্তব্যেই নতুন করে আগ্রহ বেড়েছে অনুরাগীদের।
উল্লেখযোগ্য ভাবে, এক সময় ‘ডন’ ছবির শুটিং চলাকালীনই শাহরুখ-প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল বলিউডে। সেই প্রেমগুঞ্জন ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক, যার প্রভাব পড়েছিল প্রিয়াঙ্কার কেরিয়ারে। শোনা যায়, একাধিক প্রযোজকের বিরাগভাজন হয়ে তিনি তখন বলিউড ছেড়ে হলিউডে নতুন ইনিংস শুরু করেন। তাই ‘ডন ৩’-এ পুরনো টিম ফিরলে নস্টালজিয়ার আবেগে ভাসবেন দর্শক, এ কথা বলাই বাহুল্য।
তবে আপাতত ভবিষ্যতের জল্পনা সরিয়ে রেখে ‘বারাণসী’র শুটিংয়েই মন দিয়েছেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীর কথায়, “এটা এমন একটা ছবি, যার মাধ্যমে প্রায় ছয় বছর পর ভারতে কাজ করতে ফিরলাম। সবচেয়ে উপভোগ করেছি নাচের অংশটা। কারণ হলিউডে এই সুযোগ খুব একটা পাওয়া যায় না।”