তিন কন্যাসন্তানকে এতদিন আড়ালে রেখেছিলেন কেন ‘পুষ্পা’-খ্যাত শ্রীলীলা?

শ্রীলীলা
শেষ আপডেট: 8 January 2026 12:57
দ্য ওয়াল ব্যুরো: আল্লু অর্জুনের সঙ্গে ‘কিসিক’ গানে ঝড় তুলে পুরুষ অনুরাগীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন শ্রীলীলা (Sreeleela)। বয়স মাত্র ২৪, অথচ এই অল্প সময়েই অভিনয়জগতে নিজের পরিচিতি পাকাপোক্ত করে ফেলেছেন তিনি। অবিবাহিত হলেও ব্যক্তিগত জীবনে শ্রীলীলার গল্প অনেকটাই আলাদা। গত বছরই প্রথমবার প্রকাশ্যে এনেছিলেন তাঁর তিন কন্যাসন্তানের কথা। মাত্র ২১ বছর বয়সে প্রথমবার মা হন অভিনেত্রী, যদিও নিজের সন্তানদের পরিচয় দীর্ঘদিন আড়ালেই রেখেছিলেন।
শ্রীলীলা জানান, এই সিদ্ধান্তের নেপথ্যে ছিল একান্ত ব্যক্তিগত অনুভূতি ও দায়িত্ববোধ। ২০১৯ সালে তাঁর প্রথম ছবি ‘কিস্’-এর কাজ চলাকালীন তিনি একটি অনাথ আশ্রমে যান। সেখানেই গুরু ও শোভিতা নামে দুই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুর সঙ্গে পরিচয়। অভিনেত্রীর কথায়, প্রথম দেখাতেই তাঁদের প্রতি এক গভীর মায়া তৈরি হয়। মনে হয়েছিল, দত্তক নিলে এই দুই শিশুর জীবন আরও সুন্দর ও সুরক্ষিত হতে পারে। সেই ভাবনা থেকেই বিয়ের আগেই দুই সন্তানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। এরপর ২০২৫ সালে আরও এক কন্যাসন্তানকে দত্তক নেন শ্রীলীলা।
তবে সন্তানদের সঙ্গে সবসময় এক ছাদের নীচে থাকেন না অভিনেত্রী। তাঁর কথায়, “আমি ওদের সঙ্গে থাকি না ঠিকই, কিন্তু ওদের খুব ভালভাবে যত্ন নেওয়া হয়। শুরুতে আমি এই বিষয়টা কাউকে জানাইনি। পরে যে আশ্রম থেকে ওদের দত্তক নিয়েছিলাম, তাঁরাই অনুরোধ করেন বিষয়টি প্রকাশ্যে আনার জন্য। আমার এই উদ্যোগের কথা জানলে হয়তো আরও মানুষ অনুপ্রাণিত হবেন।”
শ্রীলীলার ব্যক্তিগত জীবন শুরু থেকেই খানিকটা ব্যতিক্রমী। তিনি বেঙ্গালুরুর স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বর্ণলতার কন্যা। শোনা যায়, শিল্পপতি শুভকর রাও সুরপানেনির সঙ্গে মায়ের বিচ্ছেদের পরেই তাঁর জন্ম। বিনোদনজগতে পা রাখার সময় শ্রীলীলার নামের সঙ্গে সুরপানেনির পদবি যুক্ত হয়েছিল। যদিও পরে অভিনেত্রী ও শিল্পপতি, দু’জনেই সেই সম্পর্কের কথা প্রকাশ্যে অস্বীকার করেন।