‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করতে প্রথমে রাজি ছিলেন না রণবীর সিং।

‘পদ্মাবত’
শেষ আপডেট: 8 January 2026 12:20
দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali) ‘পদ্মাবত’ (Padmaavat) বক্স অফিসে কার্যত ঝড় তুলেছিল। সিনেমাটি ব্লকবাস্টার হিট হয় এবং আইএমডিবিতে ৭.১ রেটিং পায়। মুক্তির সময় ছবিটি রেকর্ড-ব্রেকিং আয়ও করেছিল। এই ছবিতে শাহিদ কাপুরকে দেখা যায় রাজা রাওয়াল রত্ন সিংয়ের চরিত্রে, আর আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করেন রণবীর সিং (Ranveer Singh)। বিশেষ করে খিলজি হিসেবে রণবীরের অভিনয় প্রশংসায় ভাসে। অনেক দর্শক ও সমালোচকই বলেছিলেন, তাঁর উপস্থিতি এতটাই দুর্দান্ত ছিল যে, তিনি যেন ছবিতে শাহিদ কাপুরের চরিত্রকেও ছাপিয়ে গিয়েছিলেন।
কিন্তু এই আইকনিক চরিত্রে অভিনয়ের আগে রণবীর সিং যে মোটেও নিশ্চিত ছিলেন না, সে কথা অনেকেরই অজানা। আসলে পরিচালক সঞ্জয় লীলা বনশালি যখন প্রথম আলাউদ্দিন খিলজির চরিত্রটি নিয়ে রণবীরের কাছে যান, তখন অভিনেতা তাতে রাজি হননি। অন্য দিকে, বনশালি ছিলেন একেবারেই বদ্ধপরিকর, এই চরিত্রে তিনি রণবীর সিংকেই চান। রণবীরের ‘না’ শুনে পরিচালক যে বেশ বিরক্ত ও হতাশ হয়ে পড়েছিলেন, তা-ও পরে জানা যায়। আর সেই সময়েই বনশালির বলা একটি কথা নাকি রণবীরের মন বদলে দেয়।
একটি ছবির প্রচারের সময় রণবীর সিং নিজেই সেই মুহূর্তের কথা তুলে ধরেছিলেন। তাঁর কথায়, “আজও আমার স্পষ্ট মনে আছে সেই দিনটার কথা। বারান্দায় বসে মাছের তরকারি খেতে খেতে আমি সঞ্জয় স্যারকে বলেছিলাম, ‘স্যার, এই চরিত্রটা হয়তো আমাকে এমন একটা অন্ধকার গর্তে নিয়ে যাবে, যেখান থেকে আমি আর ফিরে আসতে পারব না। এই চরিত্র করতে গিয়ে আমি যেন একটু পাগল হয়ে যাচ্ছি, আর জানি না জীবনের এই পর্যায়ে আমি এর জন্য প্রস্তুত কি না।’
প্রসঙ্গত, আলাউদ্দিন খিলজি ছিল রণবীর সিংয়ের কেরিয়ারের প্রথম গ্রে শেডের চরিত্র। সেই কারণেই এত বড় ঝুঁকি নিতে তখন তিনি দ্বিধায় ছিলেন। অভিনেতা আরও জানান, সেই সময় তাঁর ব্যক্তিগত জীবনেও সবকিছু বেশ আনন্দের মধ্যে দিয়ে চলছিল। “আমি খুব খুশি ছিলাম। আমি আর দীপিকা বিয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। সবকিছু ঠিকঠাকই চলছিল,” বলেন তিনি।
তবে রণবীরের এই কথায় বনশালি মোটেই খুশি হননি। উল্টে তিনি রেগে গিয়ে নিজের হাতে থাকা তোয়ালেটি খাবারের প্লেটে ছুঁড়ে মেরে বলেন, “মাই চাইল্ড, তুমি কি এমন একটা চরিত্রে কাজ করতে চাও না, যার ৭৫ কেজির গাট রয়েছে?” বনশালির এই কথাই শেষ পর্যন্ত রণবীরকে ভাবিয়ে তোলে।