দীর্ঘ বছর ধরে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ব্যালকনি যেন এক প্রতীক হয়ে উঠেছিল। প্রতি বছর ইদের দিন সেই ব্যালকনি থেকেই অনুরাগীদের শুভেচ্ছা জানাতেন বলিউড সুপারস্টার।

সলমন খান
শেষ আপডেট: 23 July 2025 19:42
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ বছর ধরে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ব্যালকনি যেন এক প্রতীক হয়ে উঠেছিল। প্রতি বছর ইদের দিন সেই ব্যালকনি থেকেই অনুরাগীদের শুভেচ্ছা জানাতেন বলিউড সুপারস্টার। তবে ২০২৪ সালের শুরুতে সেই ব্যালকনিকে ঘিরে এক বড় বদল ঘটে। জায়গাটি ঢেকে দেওয়া হয় বুলেটপ্রুফ কাচে। সবার মনে তখনই প্রশ্ন উঠেছিল—এতটা নিরাপত্তা হঠাৎ কেন?
অনেকেই ভেবেছিলেন, সলমনকে ঘিরে একাধিক প্রাণনাশের হুমকির কারণেই এই ব্যবস্থা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমন নিজেই জানালেন আসল কারণ। বললেন, ‘‘অনেকেই আমার সঙ্গে দেখা করতে এসে ব্যালকনিতে উঠে বসে থাকত, কেউ কেউ ঘুমিয়ে যেত!’’ তাই বাড়ির সকলের নিরাপত্তার স্বার্থেই তিনি ব্যালকনিটি ঢেকে দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে মুম্বাইয়ের বান্দ্রায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানোর ঘটনা ঘটে। তদন্তে উঠে আসে, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই অন্মোল বিষ্ণোই এই হামলার দায় স্বীকার করে ফেসবুকে একটি পোস্ট করেন। এরপর মুম্বাই ট্র্যাফিক পুলিশকে পাঠানো একটি বার্তায় ৫ কোটি টাকার ‘ক্ষমা অর্থ’ দাবি করা হয় সলমনের কাছে। না দিলে তাঁর পরিণতি ‘বাবা সিদ্দিকির চেয়েও ভয়ঙ্কর’ হবে বলেও হুমকি দেওয়া হয়—যাঁকে ২০২৪ সালের অক্টোবরে মুম্বাইয়ে গুলি করে খুন করা হয়।
এইসব ঘটনার পর থেকেই সলমনের নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়। শুধু ব্যালকনি নয়, ২০২৪ সালের অক্টোবরে তিনি দুবাই থেকে একটি বুলেটপ্রুফ ‘নিসান প্যাট্রোল’ এসইউভি আনান, যার দাম প্রায় ২ কোটি টাকা। এছাড়া ‘বিগ বস ১৮’-এর শ্যুটিং স্পটেও জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বাড়তি আট থেকে দশ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী সলমনের দলে যুক্ত হন, আর মুম্বই পুলিশ তাঁর বাড়িতেই তৈরি করে একটি বিশেষ কমান্ড সেন্টার।