কেন সন্তানকে ‘সমস্যা’ মনে করতেন অভিনেত্রী? জানুন তাঁর নিজের কথায়।

রেখা
শেষ আপডেট: 14 December 2025 15:52
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এমন কিছু নাম আছে, যাদের জীবনের প্রতিটা অধ্যায় যেন গল্প। রেখা তেমনই এক নাম। পর্দায় তিনি যতটা উজ্জ্বল, বাস্তব জীবনে ততটাই রহস্যে মোড়া। প্রেম, বিয়ে, একাকীত্ব—সব কিছু নিয়েই তাঁকে ঘিরে কৌতূহলের শেষ নেই। কে ছিলেন তাঁর জীবনের সেই মানুষ, যাঁর জন্য তিনি নিজের সবটা দিতে প্রস্তুত ছিলেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বারবার ফিরে আসে রেখার বলা কথা, তাঁর না বলা গল্প।
এই প্রশ্নের উত্তর রেখা একাধিকবার নিজেই দিয়েছেন। তবে একটা সময় ছিল, যখন তিনি সত্যিই ভালবাসার মানুষ খুঁজে পেয়েছিলেন। ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন রেখা। কিন্তু সেই দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের মাত্র সাত মাসের মধ্যেই প্রয়াত হন মুকেশ আগরওয়াল। সাত মাসের মাথায় আত্মঘাতী হন তিনি। সেই ঘটনা রেখার জীবনে গভীর ছাপ ফেলে।
তবু সেই শোকের মধ্যেই রেখা জানিয়েছিলেন, তিনি আবারও মনের মানুষের খোঁজে রয়েছেন। প্রেমে পড়তে তাঁর কোনও আপত্তি নেই বলেও স্পষ্ট করে দিয়েছিলেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে রেখা বলেছিলেন, “আমি অস্বীকার করব না যে, যদি আমি এমন কাউকে পাই, যাঁকে আমার ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পারব, তাহলে আমি বিষয়টা ভেবে দেখব। যদি আমার জীবনে কেউ আসেন, আমার সমস্ত মনঃসংযোগ তাঁর দিকেই থাকবে।”
তিনি আরও বলেছিলেন, “আমি তাঁর পোশাক বদলাতে সাহায্য করব, তাঁর ডায়েটের দিকে নজর রাখব। তাঁর জন্য লাঞ্চ বানাব, নিজে পৌঁছে দেব।”
তবে সন্তান প্রসঙ্গে রেখার অবস্থান ছিল স্পষ্ট। তিনি জানিয়েছিলেন, সন্তান তাঁর পছন্দ নয়। কারণ তাঁর মতে, যদি তাঁর সন্তান থাকে, তাহলে তিনি অন্য কোনও কিছুর দিকে নজর দিতে পারবেন না। তিনি চান, তাঁর জীবনের সেই মানুষটিকেই সম্পূর্ণ ফোকাস দিতে। রেখার যুক্তি ছিল, সন্তান হলে সেই সন্তানই তাঁর জীবনের সবচেয়ে কাছের হয়ে উঠবে। সে ক্ষেত্রে অন্য কারও প্রতি তা অন্যায় হবে বলেই মনে করেন অভিনেত্রী।