রশ্মিকা-বিজয়ের রিসেপশনে সবার নজর কাড়লেন রাম চরণ! দামি পোশাকের মাঝে খালি পায়ে কেন এলেন দক্ষিণী সুপারস্টার?

রাম চরণ, রশ্মিকা মন্দানা
শেষ আপডেট: 6 March 2026 17:08
দ্য ওয়াল ব্যুরো: গ্ল্যামার মোড়া ছিল রশ্মিকা (Rashmika Mandanna) ও বিজয়ের (Vijay Deverakonda) রিসেপশনের রাত। চারিদিকে ঝলমলে আলো, তারকাদের ভিড়, আর দামি পোশাক-জুতোর বাহার। সেই আড়ম্বরের মাঝেই হঠাৎ সকলের নজর কাড়লেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ (Ram Charan)। কারণ, তিনি পুরোপুরি খালি পায়ে হেঁটে প্রবেশ করলেন অনুষ্ঠানে। অনেকেই ভেবেছিলেন হয়তো এটি কোনও ফ্যাশনের অংশ। কিন্তু আসলে এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক কারণ।
কেন খালি পায়ে রাম চরণ?
প্রতি বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ‘আয়াপ্পা দীক্ষা’ পালন করেন রাম চরণ। কেরালার সবরিমালা মন্দিরে যাওয়ার আগে ভক্তরা এই ৪১ দিনের কঠোর ব্রত পালন করেন। এই ব্রতের নিয়ম অনুযায়ী ভক্তদের কালো পোশাক পরতে হয় এবং পুরো সময় খালি পায়ে থাকতে হয়। পাশাপাশি আমিষ খাবার ত্যাগ করা, মেঝেতে ঘুমানোসহ আরও নানা কঠোর নিয়ম মেনে চলতে হয়।
বিজয় এবং রশ্মিকা তাঁর ঘনিষ্ঠ বন্ধু। তাই ব্রত চলাকালীনও তাঁদের নিমন্ত্রণ রাখতে তিনি রিসেপশনে উপস্থিত হন। তবে নিজের আধ্যাত্মিক নিয়মে কোনও ছাড় দেননি। ফর্মাল স্যুট পরলেও পায়ে জুতো পরেননি তিনি। এর মাধ্যমে যেন তিনি বোঝালেন, সাফল্যের শিখরে পৌঁছেও নিজের সংস্কৃতি ও বিশ্বাসের প্রতি তাঁর শ্রদ্ধা অটুট।

রাম চরণের এই সরলতা দেখে মুগ্ধ নেটিজেনরা। সমাজমাধ্যমে অনেকেই লিখেছেন, নিজের ধর্ম ও সংস্কৃতিকে এভাবে সবার সামনে তুলে ধরার সাহস সবার থাকে না। রিসেপশনের ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিজয় ও রশ্মিকাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রাম চরণকে স্বাগত জানিয়েছেন।
এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী উপাসনা। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী দম্পতি হিসেবে পরিচিত রাম চরণ ও উপাসনা। এদিন উপাসনা বেছে নিয়েছিলেন ঐতিহ্যবাহী সাজ। লাল সালোয়ার স্যুটে নতুন মায়ের লুকেও তিনি নজর কাড়েন।
রাম চরণকে খালি পায়ে দেখা এটাই প্রথম নয়। বিগত কয়েক বছর ধরেই বড় বড় অনুষ্ঠানে তাঁকে এভাবে দেখা গেছে। এমনকি ২০২৩ সালের অস্কার অনুষ্ঠানে যোগ দিতেও তিনি খালি পায়ে পৌঁছেছিলেন।

স্বামী যখন আধ্যাত্মিক ব্রত পালন করছেন, তখন তাঁর পাশে সমানভাবে দাঁড়িয়ে থেকেছেন উপাসনা। তিনি কেবল একজন তারকার স্ত্রী নন, অ্যাপোলো হাসপাতালের অন্যতম ডিরেক্টর হিসেবেও তাঁর নিজস্ব পরিচয় রয়েছে।