২৭ বছরের দাম্পত্য ভাঙনের মুখে? এর মাঝেই বিয়েবাড়িতে একসঙ্গে দেখা গেল বিজয় ও তৃষাকে।

থলপতি বিজয়, তৃষা কৃষ্ণন
শেষ আপডেট: 6 March 2026 14:33
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা থলপতি বিজয়ের (Thalapathy Vijay) ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, প্রায় ২৭ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন তিনি। অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন অভিনেতা। আর সেই সম্পর্ক নাকি দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে। এই গুঞ্জনের মাঝেই সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল বিজয় ও তৃষাকে (Trisha Krishnan)। দুই তারকার উপস্থিতি ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।
চেন্নাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে সম্প্রতি একসঙ্গে উপস্থিত হয়েছিলেন বিজয় ও তৃষা। সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, গাড়ি থেকে হাতে ফুলের তোড়া নিয়ে নামছেন বিজয়, আর তাঁর পিছনেই হেঁটে আসছেন তৃষা। এই দৃশ্য ঘিরেই নতুন করে প্রশ্ন উঠেছে—তবে কি এভাবেই তাঁদের সম্পর্কের গুঞ্জনে সিলমোহর পড়ল? আবার অনেকের মতে, যদি সত্যিই স্ত্রী সঙ্গীতা সোরনালিগমের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে এগিয়ে থাকেন বিজয়, তবে কি এই উপস্থিতিই সেই বার্তা দিচ্ছে?
জানা গেছে, বিজয়ের স্ত্রী সঙ্গীতা ইতিমধ্যেই পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ১৯৯৯ সালে বিজয় ও সঙ্গীতার বিয়ে হয়েছিল। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তানও রয়েছে। এত বছরের সম্পর্ক ভাঙনের মুখে দাঁড়িয়েছে—এই খবর শুনে অনেক অনুরাগীই হতাশ।
এদিকে এই ঘটনার মাঝেই সামনে এসেছে আরেকটি বিষয়। বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষার উপস্থিতির কিছুক্ষণ আগেই বিজয়ের দেহরক্ষী অরুণ সুরেশ একটি রহস্যময় বার্তা সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “সব ঞ্জনকে সরিয়ে এবার উঠে দাঁড়ানোর সময় এসেছে।” যদিও তিনি ঠিক কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছিলেন, তা স্পষ্ট হয়নি। কিছু সময়ের মধ্যেই তিনি সেই পোস্ট মুছেও দেন।
বিজয় ও তৃষার জুটি বহুদিন ধরেই দর্শকদের কাছে জনপ্রিয়। ২০০৪ সালে ‘গিল্লি’ ছবিতে প্রথম তাঁদের রসায়ন দর্শকের মন জয় করে। এরপর ‘থিরুপাচি’, ‘আথি’ এবং ‘কুরুভি’-র মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তবে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জনও নতুন নয়। শোনা যায়, ২০০৮ সালের পর একসঙ্গে ছবি করা বন্ধ করে দেন তাঁরা। কারণ, তাঁদের ঘনিষ্ঠতার জল্পনা নাকি প্রভাব ফেলেছিল বিজয়ের সংসারে। সেই সময় অভিনেতার পরিবারের তরফে তৃষার সঙ্গে কাজ না করার শর্তও দেওয়া হয়েছিল বলে খবর। যদিও সেই সময় দুই তারকাই দাবি করেছিলেন, সবটাই গুজব—তাঁরা কেবলই ভাল বন্ধু।
দীর্ঘ ১৪ বছর পর আবার বড় পর্দায় একসঙ্গে দেখা যায় তাঁদের। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘লিয়ো’ ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেন বিজয় ও তৃষা। আর সেই থেকেই আবার নতুন করে শুরু হয়েছে তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা।