নয়ের দশকের বলিউডে প্রেম মানেই শুধু রোমান্স নয়, ছিল তীব্র বিতর্কও।

ছবি: এআই
শেষ আপডেট: 9 January 2026 17:07
দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের বলিউডে দাপটের সঙ্গে রাজ করেছেন রবিনা টন্ডন (Raveena Tandon) ও করিশ্মা কাপুর এই দুই অভিনেত্রী। শুধু তাঁদের অভিনয় নয়, সেই সময় তাঁদের ব্যক্তিগত জীবনও বারবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে প্রেমজীবন ঘিরে তৈরি হয়েছিল বিস্তর চর্চা ও বিতর্ক। তারই অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন অজয় দেবগন (Ajay Devgn)।
এক সময়ে অজয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন রবিনা। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরই শুরু হয় নানা জল্পনা। ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে শোনা যায়, করিশ্মা কাপুরের কারণেই নাকি রবিনার সঙ্গে প্রতারণা করেছিলেন অজয়। সম্পর্ক ভাঙার পর এক সাক্ষাৎকারে রবিনা যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তৎকালীন সময়ে তীব্র বিতর্ক তৈরি হয়। অভিনেত্রী বলেছিলেন, “করিশ্মা নিজের কাছেই রাখুক অজয়কে। ওর প্রতি আর বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। তবে ওদের যদি সন্তান হয়, তাদের দেখতে হবে ঠিক জেব্রার মতো।”
সেই সময় রবিনা একের পর এক ছবিতে ব্যস্ত, কেরিয়ারের শিখরে দাঁড়িয়ে। তাঁর মুখে এমন মন্তব্য শুনে দর্শকমহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বিশ্বাস করতে পারেননি, রবিনার মতো একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী এ ধরনের কথা বলতে পারেন। একই সঙ্গে সেই সময় অক্ষয় কুমারের সঙ্গে রবিনার সম্পর্ক নিয়েও কম আলোচনা হয়নি। যদিও বিভিন্ন সূত্রের দাবি, শেষ পর্যন্ত সেই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন রবিনাই।
রবিনা ও করিশ্মার মধ্যে টানাপোড়েন একসময় এমন পর্যায়ে পৌঁছেছিল যে তার প্রভাব পড়েছিল তাঁদের পেশাগত জীবনেও। গুঞ্জন ছিল, করিশ্মা নাকি প্রভাব খাটিয়ে কয়েকটি ছবি থেকে রবিনাকে সরিয়ে দিয়েছিলেন। পরে এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন রবিনা নিজেই।
তিনি বলেন, “আমি নায়িকার নাম বলব না। কিন্তু তাঁর সঙ্গে আমার কিছু সমস্যা ছিল। সেই কারণেই সে আমাকে চারটি চলচ্চিত্র থেকে সরিয়ে দিয়েছিল। আসলে একটি ছবিতে আমার সঙ্গে তাঁর কাজ করার কথা ছিল। ফলে প্রযোজক ও নায়কের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল। এই ধরনের খেলা খেলতে আমি একেবারেই পছন্দ করি না।”