বলিউডের অন্যতম আলোচিত জুটি অমিতাভ ও জয়া বচ্চনের ১৯৭৩ সালের বিয়ে হয় মাত্র ৫ জন অতিথি নিয়ে।

অমিতাভ বচ্চন, জয়া বচ্চন
শেষ আপডেট: 13 February 2026 11:31
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সবচেয়ে আলোচিত জুটির মধ্যে অন্যতম অমিতাভ (Amitabh Bachchan) ও জয়া বচ্চন (Jaya Bachchan)। ৫২ বছর পার হলেও নানা ওঠাপড়ার মধ্যেও তাদের সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হয়ে উঠেছে। ফিল্মি কায়দায় তারা গাঁটছড়া বেঁধেছিলেন, যেন সত্যিই ‘ওঠ ছুড়ি তোর বিয়ে’। কিন্তু জানেন কি, অমিতাভ-জয়ার বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ৫ জন অতিথি?
অমিতাভ ও জয়ার প্রেমকে ঘিরে সেই সময় বহু আলোচনা ও জল্পনা চলেছিল। পরিবারের চাপের কারণে তাদেরকে খুবই অল্প সময়ে বিয়ের সব আয়োজন সম্পন্ন করতে হয়েছিল। সেই বিয়েতে মাত্র ৫ জন অতিথিকে নিমন্ত্রণ করা হয়েছিল।
জয়া ভাদুড়ি প্রথমবার অমিতাভকে দেখেছিলেন ফিল্ম ইন্সটিটিউটে। তিনি অমিতাভকে দেখেই মুগ্ধ হন, কারণ অমিতাভ ছিলেন মহান লেখক হরিবংশ রায় বচ্চনের ছেলে। তবে তখন অমিতাভের মনে তেমন প্রভাব ফেলতে পারেননি জয়া। পরে ম্যাগাজিনে জয়ার ছবি দেখে অমিতাভ প্রেমে পড়ে যান। এরপর ‘গুড্ডি’ ছবির সেটে তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ‘জঞ্জির’ ছবির শুটিং চলাকালীন তাদের প্রেমের সূত্রপাত হয়। ছবিটি হিট হওয়ার পর তারা লন্ডনে যাওয়ার পরিকল্পনা করেন।
অমিতাভ যখন তার বাবা হরিবংশের কাছে অনুমতি নেন, তখন হরিবংশ বলেন, যদি জয়াকে সঙ্গে নিয়ে যান, তবে তাকে বিয়ে করে বউ হিসেবে আনতে হবে। এই কারণে অমিতাভ ও জয়ার বিয়ে দ্রুত সম্পন্ন হয়। তবে জয়ার বাবা ততটা খুশি ছিলেন না, কারণ ১৯৭৩ সালের এই বিয়ে তাড়াহুড়ো করে করা হয়েছিল।
কাজের সূত্রে, অমিতাভ বচ্চনকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮’ সিনেমায়। ছবির প্রথম অংশ দর্শকদের ভাল লেগেছে। প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রভাস ও দীপিকা পাড়ুকোন। জানা গেছে, দ্বিতীয় অংশে দীপিকা সরে দাঁড়িয়েছেন এবং তার জায়গায় এসেছেন সাঁই পল্লবী। শীঘ্রই এর কাজ শুরু হবে। পাশাপাশি অমিতাভ তাঁর টিভি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর নতুন সিজন নিয়েও ব্যস্ত থাকবেন।