ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালামের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে নতুন বায়োপিক ‘কালাম: দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’।

‘কালাম: দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’
শেষ আপডেট: 28 May 2025 16:26
দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালামের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে নতুন বায়োপিক ‘কালাম: দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’। এই ছবিতে মুখ্য ভূমিকায় ধনুষকে বেছে নেওয়ার কারণ জানালেন পরিচালক ওম রাউত। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ছবির পোস্টার উন্মোচনের সময় তিনি ছবির ভাবনা ও অভিনেতা নির্বাচনের পেছনের কিছু যুক্তি সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন।
পরিচালকের কথায়, “ড. কালামকে পর্দায় তুলে ধরতে গেলে শুধু তাঁর বৈজ্ঞানিক সাফল্য নয়, তাঁর আত্মিক ও মানবিক দিকগুলিও যথাযথভাবে ফুটিয়ে তোলা জরুরি। এই দায়িত্ব পালনের জন্য ধনুষ ছাড়া আর কাউকে কল্পনা করতে পারিনি। ওঁর অভিনয়শৈলী এমন এক গভীরতা আনতে পারে যা এই চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমাদের গোটা টিমের পক্ষ থেকে ধনুষকে ধন্যবাদ জানাই এই বিশেষ ছবিতে অভিনয় করার জন্য।”
রাউত জানান, ছাত্রজীবনে তিনি ড. কালামের আত্মজীবনী ‘উইংস অফ ফায়ার’ পড়ে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তাঁর কথায়, “এই বইটি আমার চিন্তাধারাকে পাল্টে দিয়েছিল। আজ আমি যা কিছু করছি, যেটা হতে চাই— সবকিছুর পিছনে এই বইয়ের অনুপ্রেরণা কাজ করেছে।”
ড. কালামের জীবনের তিনটি মূল দিককে কেন্দ্র করে ছবিটি তৈরি করা হচ্ছে। তা হল— শিক্ষা, উদ্ভাবন ও অধ্যবসায়। ওম রাউতের মতে, “তিনি ছিলেন এক মহান শিক্ষক এবং নিজের লক্ষ্যে অনড় থেকে কাজ করতেন।”
এই ছবির প্রযোজক অভিষেক আগরওয়াল, যিনি ‘পারমাণু’ ও ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো ছবি প্রযোজনা করেছেন। প্রযোজনায় রয়েছেন ভূষণ কুমারের টি-সিরিজও। চিত্রনাট্য লিখছেন ‘নীর্জা’ এবং ‘ময়দান’-খ্যাত সাইউইন কোয়াডরাস। ছবিতে ড. কালামের রামেশ্বরমের সাধারণ জীবন থেকে রাষ্ট্রপতি ভবনের যাত্রাপথ, বিজ্ঞানী ও শিক্ষক হিসেবে তাঁর অবদান, এবং ‘মিসাইল ম্যান’-এর খেতাব পাওয়ার গল্প উঠে আসবে। ছবির বাকি কাস্ট এখনও ঘোষণা হয়নি।