বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি সুইডেনের স্টকহোম শহরে এক অনুষ্ঠানে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং জীবনের প্রতিকূল সময়ে আত্মবিশ্বাস ধরে রাখার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন।

দীপিকা পাড়ুকোন
শেষ আপডেট: 28 May 2025 12:21
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি সুইডেনের স্টকহোম শহরে এক অনুষ্ঠানে নিজের মানসিক শক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং জীবনের প্রতিকূল সময়ে আত্মবিশ্বাস ধরে রাখার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন। সেই সন্ধ্যায় লাল ফ্যাক্স ফারের গাউনে নজর কেড়েছেন ৩৯ বছর বয়সি এই অভিনেত্রী।
ইভেন্টে Vogue Arabia-কে দীপিকা বলেন, “আমি যেটা করি, তা হল নিজেকে সত্যবাদী এবং প্রামাণিক রাখি। যখন জটিল বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হই, তখন নিজের মনের কথা শুনে এমন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি, যা আমাকে মানসিক শান্তি দেয়। তখনই আমি সবচেয়ে ভারসাম্য অনুভব করি।”
এই মন্তব্য সামনে এসেছে ঠিক তখনই, যখন তাঁর সান্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে তাঁর সরে যাওয়ার খবরে বিতর্ক তৈরি হয়েছে। যদিও দীপিকা সরাসরি এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি। পরিচালক ভাঙ্গা তাঁর একটি পোস্টে দীপিকাকে উদ্দেশ করে ‘অ্যাঙ্গরি ক্যাট স্ক্যাচিং অ্যা পোল’ বলে কটাক্ষ করেছেন বলে অনেকে মনে করছেন, কিন্তু অভিনেত্রী এ নিয়ে নীরবই থেকেছেন।

বরং, তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাল পোশাকের কিছু ছবি পোস্ট করে শুধু লিখেছেন, "Hi from Stockholm"। উল্লেখ্য, দীপিকা সম্প্রতি Cartier-এর হাই-জুয়েলারি বিভাগের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন। এই নিয়েই তিনি উপস্থিত ছিলেন EN EQUILIBRE নামে Cartier-এর একটি অভিজাত অনুষ্ঠানে।
চলচ্চিত্রের কাজের ক্ষেত্রে দীপিকা এখন ব্যস্ত শাহরুখ খানের সঙ্গে আসন্ন ছবি ‘King’-এ। এই ছবিতে আরও রয়েছেন রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, সুহানা খান, অনিল কাপূর, অভিষেক বচ্চন, অভয় বর্মা, আরশাদ ওয়ারসি এবং জয়দীপ আহলাওয়াত। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ এবং এটিই শাহরুখ-কন্যা সুহানা খানের বলিউডে বড় পর্দায় অভিষেক।