আগামিকাল অর্থাৎ ১৫ মে, এসভিএফ প্রযোজিত ধ্রব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এবং দেব অভিনীত ‘রঘু ডাকাত’-এর শুটিং হবে। ‘রঘু ডাকাত’-এ অভিনয় করছেন অনির্বাণও। কী হবে সে শুটিংয়ে?

অনির্বাণ-দেব । ছবি: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 14 May 2025 19:20
শুভঙ্কর চক্রবর্তী
অনির্বাণ ভট্টাচার্যর বাংলা ব্যান্ড ‘হুলিগানিজম’-এর তৃতীয় মিউজিক ভিডিওর শুটিংয়ের কাজ আজ বন্ধ হল। ‘দ্য ওয়াল’কে সূত্র জানায় ‘অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে কোনও টেকনিশিয়ান অভিনেতা-পরিচালকের সঙ্গে কাজ করবেন না। এক কথায় ‘অসহযোগিতা’। সূত্রের এও খবর, গতকাল অর্থাৎ ১৩ মে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত প্রযোজনা সংস্থা এসভিএফকে জানিয়ে দেওয়া হয়েছিল।’
‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’ সঙ্গে যুক্ত থাকা ঘনিষ্ঠ সূত্রের এক নতুন খবর অনুযায়ী, অনির্বাণ ভট্টাচার্য নামাঙ্কিত কোনও নথিপত্র জমা পড়েনি ফেডারেশন দফতরে। শুধু তাই নয়, এও অভিযোগ ‘পর্যাপ্ত সংখ্যক টেকনিশিয়ান নেওয়া হয়নি’।
দ্য ওয়াল এর তরফ থেকে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল এগজিকিউটিভ প্রোডিউসার অরিত্র প্রতিম বিশ্বাসের সঙ্গে, তিনি স্বীকার করে বলেন, ‘অনির্বাণ ভট্টাচার্যর নাম দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ তিনি পরিচালক নন, অভিনয়ও করছেন না। অনির্বাণের ব্যান্ড ‘হুলিগানিজম’ পারফর্ম করতো। এবং সেই ব্যান্ডের নাম উল্লেখ করা ছিল। এছাড়া যাঁরা মিউডিক ভিডিয়োতে অভিনয় করছেন, তাঁদের প্রত্যেকের নাম ছিল। নথিতে অতটা জায়গাও ছিল না, সবার নাম আলাদা করে লেখার।’ দ্বিতীয় প্রশ্ন করা হয় ‘পর্যাপ্ত সংখ্যক টেকনিশিয়ান নেওয়া হয়নি’ প্রসঙ্গে।
অরিত্র বলেন, ‘আমাকে এই বিষয়ে ফেডারেশনের পক্ষ থেকে কিচ্ছু জানানো হয়নি। ইউটিউবে মুক্তি পেত গানটি। বাজেট কম থাকে। সেক্ষেত্রে টিম ছোট হয়। আমি এও জানাই কোথায় এটি মুক্তি পাবে। সেই হিসেবে আমি প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে কথা বলে, প্রত্যেক গিল্ড থেকে পর্যাপ্ত সংখ্যক কর্মীদের নিয়েই কাজের আবেদন করি।’
অরিত্র এখানেই থামেননি, ‘আমায় গতকাল ১৩ তারিখ বিকেল ৪টে নাগাদ ফোনে জানানো হয়, যে আমাদের শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে, আর তার ঠিক ৪ ঘন্টা অর্থাৎ রাত আটটায় জানানো হয় শুটিং বাতিল হয়েছে। দুর্ভাগ্যবশত, গোটাটই মৌখিক। শুটিং হবে এবং শুটিং হবে না এর কোনও লিখিত নথি আমাকে দেওয়া হয়নি!’
‘অনির্বাণ ভট্টাচার্যর নামাঙ্কিত নথি’ এবং ‘পর্যাপ্ত’ সংখ্যক টেকনিশিয়ান ছাড়া শুটিং, এই দুই কি ‘প্রকৃত’ কারণ আজ এসভিএফ প্রযোজিত ‘হুলিগানিজম’-এর তৃতীয় মিউজিক ভিডিয়োর শুটিংয়ের বন্ধের, নাকি আদতে সেই ‘অসহযোগিতা’ তত্ত্বই উঠে আসছে।
প্রসঙ্গত, আগামিকাল অর্থাৎ ১৫ মে, এসভিএফ প্রযোজিত ধ্রব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এবং দেব অভিনীত ‘রঘু ডাকাত’-এর শুটিং হবে। ‘রঘু ডাকাত’-এ অভিনয় করছেন অনির্বাণও। আগামিকাল সেই শুটিংয়ে উপস্থিত থাকবেন অনির্বাণ ভট্টাচার্যও। প্রশ্ন উঠছে শুটিংয়ের এই ‘অসহযোগিতা’ কি জারি থাকবে আগামিকালের শুটিংয়েও? সূত্র জানিয়েছে, ‘এখনও এ বিষয় নিয়ে কোনও খবর আমাদের কাছে আসেনি‘।