
জানেন সেই অজানা কাহিনী?
শেষ আপডেট: 3 March 2025 19:57
দ্য ওয়াল ব্যুরো: ছিঃ! হ্যাঁ, শ্রীদেবী ও বনি কাপুরের বিয়ের খবর সামনে আসতে ঠিক এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছিলেন আমজনতা। সে সময় সামাজিক মাধ্যমের রমরমা ছিল না। যদি থাকত তবে সেখানেও বসত খাপ পঞ্চায়েত। প্রিয় বান্ধবীর স্বামীকেই নিজের স্বামী বানিয়েছিলেন শ্রীদেবী। যে হাতে রাখী বাঁধতেন সেই হাতকেই সারাজীবনের চলার পথের সঙ্গী বানালেন কী করে? সে এক অদ্ভুত কাহিনী।
সূত্র জানায়, সে সময় মিঠুন চক্রবর্তীর প্রেমে দিশেহারা শ্রীদেবী। মোনা কাপুর ও শ্রীদেবী ছিলেন বন্ধু। মাঝেমধ্যেই মোনার বাড়িতে থাকতেন শ্রীদেবী। এই মোনাই হলেন বনি কাপুরের প্রথম স্ত্রী। বনি কাপুরের সঙ্গেও সুসম্পর্ক ছিল শ্রীদেবীর। তিনি ছিলেন শ্রীদেবীর 'রাখী ভাই'। হঠাৎ করেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রেমটা ভেঙে যায় শ্রীদেবীর। ভাঙা মন নিয়ে সুন্দরী নায়িকা যখন কার্যত ধ্বস্ত ঠিক সেই সময়েই বনি প্রপোজ করেন শ্রীদেবীকে।
বনির কথায়, "ও চমকে গিয়েছিল। আমার উপর রেগে গিয়েছিল। সটান বলেছিল তোমার স্ত্রী-সন্তান আছে, তুমি আমাকে এই সব বলছ কী করে?" যদিও বনির মন তখন শ্রীদেবীতে আচ্ছন্ন। যে করেই হোক শ্রীদেবীর মন জয় করতেই হবে, এই জেদ নিয়েই স্ত্রী মোনাকে সবটা বলে দেন বনি। জানিয়ে দেন তাঁর অনুভূতির কথা।
বনির কথায়, "আমি সত্যি কথায় বিশ্বাসী। মোনাকে সবটা বলে দিই। আসলে অনুভূতির উপর আমাদের তো কোনও নিয়ন্ত্রণ নেই। তবে চাইলে স্বচ্ছ থাকতে পারি আমরা।" শোনা যায়, শ্রীদেবী নিজের প্রিয় বান্ধবীর প্রেমে পড়েছেন বনি, এ কথা কিছুতেই মানতে পারেননি মোনা। এরও বেশ কিছু বছর পর আচমকাই শোনা যায় শ্রীদেবী মা হচ্ছেন। বাবা বনি। সম্পূর্ণ ভেঙে পড়েন মোনা। ভেঙে যায় তাঁদের বিয়ে। প্রপোজ করার প্রায় পাঁচ-ছয় বছর পর শ্রীদেবী হ্যাঁ বলেন বনিকে। শুরু হয় তাঁদের পথচলা। সে সময় এও রটে বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন শ্রীদেবী। যদিও পরবর্তী কালে বনি জানান, তাঁরা লুকিয়ে বিয়ে করেছিলেন মন্দিরে। সেই সন্তানই হলেন জাহ্নবী কাপুর। সারাজীবন 'ঘরভাঙানি' তকমা নিয়ে ঘুরতে হয়েছে শ্রীদেবীকে। জাহ্নবী ও খুশির সঙ্গে সম্পর্ক ভাল ছিল না অংশুলা ও অর্জুনের। তবে সে সব অতীত। শ্রীদেবী গত হয়েছেন, প্রয়াত হয়েছেন মোনাও। চার সন্তান নিয়ে ভালই আছেন বনি কাপুর।