২০০৬ সালের এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে শাহরুখ খানের মজার মন্তব্য ফের ভাইরাল হয়েছে। বলেছিলেন, “ও আমার পোষা ইঁদুর।” পাশে বসা প্রিয়াঙ্কার প্রতিক্রিয়াও এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

প্রিয়াঙ্কা চোপড়া ও শাহরুখ খান
শেষ আপডেট: 25 October 2025 16:16
দ্য ওয়াল ব্যুরো: বলিউড বাদশা শাহরুখ খান এবং 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে একসময়ের তুমুল গুঞ্জন আজও জারি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রায় দুই দশক আগের একটি সাক্ষাৎকার, যেখানে প্রিয়াঙ্কাকে নিয়ে শাহরুখের মজার মন্তব্য নতুন করে চর্চার জন্ম দিয়েছে।
সময়টা ছিল ২০০৬ সাল। ফারহান আখতার পরিচালিত 'ডন' ছবিতে প্রথমবার জুটি বাঁধেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। অনস্ক্রিন 'ডন-রোমা'র এই জুটি দর্শকদের মধ্যে ঝড় তুলেছিল। মালয়েশিয়ায় 'ডন'-এর শুটিং চলাকালীন শাহরুখ যেভাবে প্রিয়াঙ্কার যত্ন নিয়েছিলেন, তা তখন 'টক অফ দ্য টাউন' হয়ে ওঠে।
এটিই ছিল প্রথমবার যখন ১৫ বছরের কেরিয়ারে শাহরুখ খানের নাম কোনও সহ-নায়িকার সঙ্গে জড়িয়েছিল। এর আগেই ২০০৩ সালে 'কফি উইথ করণ'-এ এসে প্রিয়াঙ্কা কিং খানের প্রতি তাঁর মুগ্ধতার কথা স্বীকার করে বলেছিলেন, শাহরুখ তাঁর 'চিরকালীন ক্রাশ' এবং তাঁর কাছে তিনি অনুপ্রেরণার থেকেও বেশি কিছু।
'ডন' ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে শাহরুখকে প্রশ্ন করা হয়, ছবির সংলাপে তিনি প্রিয়াঙ্কাকে 'জংলি বিল্লি' বলেন, প্রিয়াঙ্কা কি বাস্তবেও তাই? উত্তরে শাহরুখ খান মজা করে বলেন, "প্রিয়াঙ্কা আমার পোষা ইঁদুর।"
সঙ্গে সঙ্গেই পাশে বসা প্রিয়াঙ্কা প্রতিবাদ করে বলেন, "আমি ইঁদুরও নই, কারও পোষাও নই। অন্য কোনও ভাল জন্তুর সঙ্গে আমার তুলনা টানতে পারতে।"
এরপর শাহরুখের পাল্টা উত্তর, "আচ্ছা তবে প্রিয়াঙ্কা আমার পোষা খরগোশ। আমি ওকে খুব, খুব ভালবাসি। ওর ট্যালেন্টকে আমি সম্মান করি। ওর কাজের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে।"
একসময়ে বলিউডে জোর গুঞ্জন ছিল যে শাহরুখ ও প্রিয়াঙ্কা সম্পর্কে জড়িয়েছেন। নায়িকার বাড়ির নীচে ভোররাতে শাহরুখের গাড়ি থাকত, একই ডিজাইনের ডেনিম জ্যাকেট ভিন্ন সময়ে দুই তারকার মিলিয়ে মিশিয়ে পরতেন। এসব গুঞ্জন তাঁদের 'প্রেমের ইস্তেহার' নিয়ে ব্যাপক চর্চা তৈরি করে।
মাসখানেক ধরে চলা এই গুঞ্জন শেষে এখন জল গড়িয়েছে বহু দূর। প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউড তারকা এবং মার্কিন মুলুকে। অন্যদিকে, শাহরুখ খানও বলিউডে নতুন করে রাজত্ব শুরু করেছেন। যদিও সম্পর্ক বা বিচ্ছেদের এই রটনা নিয়ে শাহরুখ-প্রিয়াঙ্কা কখনও মুখ খোলেননি, তবে তাঁদের নিয়ে চর্চা আজও অব্যাহত।