
ফাইল চিত্র
শেষ আপডেট: 25 March 2025 16:39
দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে মৃত্যুর পর সুশান্ত সিং রাজপুতকে ঘিরে শুরু হয় তোলপাড়। রহস্যময় এই ঘটনায় আত্মহত্যা না কি খুন—সে প্রশ্ন ঘিরে উত্তাল হয়ে ওঠে দেশ। তদন্তের গতিপথ মোড় নেয় মাদক সংযোগের দিকে, যার কেন্দ্রে চলে আসেন সুশান্তের তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তী। গ্রেফতার হন রিয়া ও তাঁর ভাই শৌভিক। পাঁচ বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর শেষমেশ আদালত জানিয়ে দিল—সুশান্তের মৃত্যুর পেছনে রিয়ার কোনও হাত নেই। অবশেষে মুক্তি পেলেন রিয়া ও তাঁর পরিবার।
২০২০-তে ২৭ দিন জেলে কাটিয়েছিলেন রিয়া। সেই কঠিন সময়ের স্মৃতি আজও তাঁকে তাড়া করে। হিউম্যানস অফ বোম্বের সঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘‘জেল এক অচেনা পৃথিবী, যেখানে সমাজ বলে কিছু নেই, সবাই শুধুই একটি সংখ্যা মাত্র।’’ তিনি দাবি করেন, ‘‘জেলে যাঁরা থাকেন, তাঁদের মধ্যে অন্তত ৮০ শতাংশ নির্দোষ। আমার দেখা অনেকেই বলেছিলেন, তাঁরা কোনও অপরাধ করেননি। যারা স্বীকার করেছেন, তাঁরাও বলেছিলেন আত্মরক্ষার জন্য বা বিশেষ পরিস্থিতির চাপে পড়েই তা করেছিলেন।’’
জেলের দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে রিয়া বলেন, ‘‘সেখানে প্রতিটি মুহূর্ত লড়াই। যেহেতু তেমন কোনও কাজ থাকে না, তাই দিন পার করাটাই কঠিন হয়ে ওঠে। একটা দিন যেন এক বছরের সমান লাগে।’’ প্রথমদিকে মানিয়ে নেওয়া খুব কঠিন ছিল, মানসিকভাবে এক অদ্ভুত অন্ধকার গ্রাস করত তাঁকে। ‘‘যাঁরা জেলে যান, তাঁরা প্রথমে বিশ্বাসই করতে পারেন না যে এটাই তাঁদের নতুন বাস্তবতা,’’ বলেন তিনি।
ভারতের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়া। তাঁর অভিজ্ঞতা, ‘‘যদি কেউ দোষী হয়, তাকে তা প্রমাণ করতেই চার বছর কেটে যায়। তারপর শুরু হয় শাস্তির মেয়াদ। আর যারা নির্দোষ, তাঁদের মধ্যে কেউ সাত, কেউ আট, কেউ আবার দশ বছর ধরে জেলে রয়েছেন।’’
সুশান্তের মৃত্যুর পর বলিউডের অন্ধকার দিক জনসমক্ষে আসে। নানা বিতর্ক, ষড়যন্ত্র তত্ত্ব, রাজনৈতিক টানাপোড়েন—সব মিলিয়ে পাঁচ বছর ধরে চলেছে জল্পনা। অবশেষে আদালতের রায়—খুন নয়, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। রিয়া চক্রবর্তীর জীবন বদলে দিয়েছিল সেই ঘটনা, তবে পাঁচ বছর পর ক্লিনচিট পেলেন তিনি ও তাঁর পরিবার।