অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোগপতি অমন গুপ্তা, অনুপম মিত্তাল এবং নমিতা থাপার। কথোপকথনের এক পর্যায়ে তাঁকে জীবনের সবচেয়ে লজ্জাজনক অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করা হলে অতীতের এক ঘটনার কথা অকপটে স্বীকার করেন তিনি।

শেষ আপডেট: 15 February 2026 14:51
দ্য ওয়াল ব্যুরো: অক্ষয় কুমার (Akshay Kumar)। তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে নিজের জায়গা ধরে রেখেছেন। অসংখ্য সাফল্যের মধ্যেও তাঁর জীবনে এমন এক অধ্যায় রয়েছে, যা স্মরণ করলে আজও অস্বস্তি বোধ করেন অভিনেতা। সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে তিনি নিজেই তুলে ধরলেন সেই ঘটনার কথা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোগপতি অমন গুপ্তা, অনুপম মিত্তাল এবং নমিতা থাপার। কথোপকথনের এক পর্যায়ে তাঁকে জীবনের সবচেয়ে লজ্জাজনক অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করা হলে অতীতের এক ঘটনার কথা অকপটে স্বীকার করেন তিনি।
অভিনেতা জানান, বহু বছর আগে এক অভিজাত অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। সেখানে আচমকা তর্ক-বিতর্কের সূত্রপাত হয়। এক ব্যক্তি তাঁর বন্ধুকে বারবার কুরুচিকর ও ব্যক্তিগত প্রসঙ্গ তুলে অপমান করতে থাকেন। বারবার সতর্ক করেও পরিস্থিতি থামানো সম্ভব হয়নি। বন্ধুর অপমান সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজেকে সামলাতে পারেননি তিনি।
উত্তেজনার বশে ওই ব্যক্তিকে চড় মারেন অভিনেতা। আঘাতে তিনি অচেতন হয়ে পড়েন। মুহূর্তেই পরিবেশ পাল্টে যায়। উপস্থিত সকলে হতভম্ব হয়ে পড়েন। তখনই ভর করে ভয়—এই ঘটনার জন্য তাঁর কর্মজীবনে কি বিরূপ প্রভাব পড়বে? পরিচিত মহলের সামনে এমন ঘটনার ফল কী হতে পারে, তা ভেবেই শঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। জ্ঞান ফেরানোর জন্য জল দেওয়া হয়, আর তিনি অন্তর থেকে প্রার্থনা করতে থাকেন যেন পরিস্থিতি আরও জটিল না হয়।
আজ এত বছর পর ফিরে তাকিয়ে তাঁর উপলব্ধি ভিন্ন। তিনি মনে করেন, সেই সময়ে আবেগকে সংযত রাখা উচিত ছিল। এখন হলে তিনি নিশ্চয়ই সেখান থেকে সরে যেতেন। জীবনের সেই অধ্যায় তাঁকে সংযম ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব শিখিয়েছে বলেই জানিয়েছেন অভিনেতা।