অদিতি রাও হায়দারির ডায়েট, ফিটনেস রুটিন ও জীবনযাত্রার অভ্যাস কীভাবে তাঁকে ৩৯ বছর বয়সেও ছিপছিপে, গ্ল্যামারাস ও ফিট রেখেছে?

অদিতি রাও হায়দারি
শেষ আপডেট: 2 December 2025 18:01
দ্য ওয়াল ব্যুরো: স্মার্ট, সুন্দরী, ছিমছাম সাজগোজ, গ্রেসফুল- এসবের বর্ণনা দিতে গেলে অদিতি রাও হায়দারির কথা উঠবেই। তিনি হায়দরাবাদের রয়্যাল পরিবারের সদস্য, রয়্যাল ছাপ তাঁর চোখে-মুখে। ৩৯-এও গ্ল্যামার চলকে পড়ছে। তাঁর সৌন্দর্যের সিক্রেট কী? ডায়েটে ঠিক কোন জিনিস তাঁকে এমন ফিট ও সুন্দর রাখে? খোলসা করলেন সম্প্রতি।

অভিনয় দক্ষতার জন্য দর্শকের কাছে প্রশংসিত কিন্তু গ্ল্যামারের জন্য ভক্তদের মনে আলাদা জায়গা রয়েছে। সমালোচকরাও তাঁর রূপের ছটায় শব্দহীন। কী থাকে অভিনেত্রীর ডায়েটে (Diet) রোজ? ফিটনেস রুটিনই (Fitness Routine) বা কী?
এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সন্ধে সাড়ে ৬টার থেকে ৭টার পর তিনি আর কিছু খান না। বলেছিলেন, 'যদিও সেটা সবসময় হয় না। তবে রাতের খাবার আমি খুব হালকা রাখার চেষ্টা করি।' কখনও মাছের ঝাল, চিংড়ির ঝাল, কখনও নেহারি, খিদে পেলে নিজেকে আটকাতে পারেন না, তাও অকপটে স্বীকার করেছিলেন।

দিল্লিতে বড় হওয়া হলেও মন টানে দক্ষিণ ভারতীয় খাবারে
অদিতির জন্ম হায়দরাবাদে (Hyderabad Born)। তিনি মহম্মদ সালেহ আকবর হায়দারি, হায়দরাবাদের প্রাক্তন প্রধান (Prime Minister of Hyderabad Princely State)-এর প্রপৌত্রী। পরে দিল্লিতে বড় হয়ে ওঠা অদিতির পছন্দ দক্ষিণ ভারতীয় খাবারই। তিনি বলেন, “আমি ইডলি (Idli) ভীষণ ভালবাসি। ওই দক্ষিণ ভারতীয় ব্রেকফাস্টটাই আমার সব।”

ডিমও খান, কারণ শরীরের পক্ষে প্রয়োজনীয়। দুপুরে সাধারণত নিরামিষ খাবার, কিনোয়া (Quinoa), ডাল-ভাত-সবজি (Dal Chawal Sabzi)। বিকেলের প্রিয় খাবার মাখানা (Makhana)।
রাতে তিনি যতটা সম্ভব প্রোটিন (Protein Dinner) খান, থাকে মাছ, স্যুপ, চিকেন কাটলেট কিংবা কাবাব। অভিনেত্রী বলেন, “আমার যা খেতে ইচ্ছে করে, তাই খাই। তবে যতটা সম্ভব হালকা রাখার চেষ্টা করি।” তবে ক্রেভিং হলে নিজেকে আটকে রাখেন না। 'মনেরও তো খুশি থাকা দরকার! চকোলেট (Chocolate) খেতে ইচ্ছে হলে খাই, ফুচকা (Pani Puri) খেতে ইচ্ছে হলে সেটাও খাব।'

অনুশীলনে শৃঙ্খলা থাকলেও একঘেয়েমি পছন্দ নয়
অদিতি বলেন, তিনি ‘আর্লি রাইজার’ (Early Riser), তবে প্রয়োজন হলে রাত জাগতেও পারেন। ফিটনেস ধরে রাখতে তিনি সবচেয়ে বেশি করেন যোগাসন (Yoga) ও নাচ (Dance)। তবে প্রতিদিন একই রকম ব্যায়াম করতে একদমই পছন্দ করেন না।

ভোগ-কে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে তিনি জানান, সপ্তাহে তিন দিন ৩০ মিনিট সার্কিট ট্রেনিং (Circuit Training), বাকি দিনগুলোতে যোগ, ব্যস্ত দিনে সময় না থাকলে কমপক্ষে ১০ মিনিট ব্যায়াম করেনই।
ডায়েট কিন্তু কঠোর নয়, শারীরিক কসরত কিন্তু অতিরিক্ত নয়। এই নিয়মেই ৩৯-এও গর্জিয়াস অদিতি।