
কেবিসি নতুন সিজন শুরু হওয়ার আগেই কী হল অমিতাভ বচ্চনের
শেষ আপডেট: 5 April 2025 15:21
দ্য ওয়াল ব্যুরো: আবার আসবে সুযোগ। টিভির পর্দায় আবারও আসতে চলেছে ‘কোন বনেগা ক্রোড়পতি’ (KBC)। সম্প্রতি বহু প্রতীক্ষিত এই শোয়ের নতুন প্রোমো (promo) রিলিজ করল সোনি টিভি (Sony TV)। ১৭ নম্বর সিজনের রেজিস্ট্রেশন (registration) শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। এইবারও এই কুইজ শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
প্রোমোতে দেখা যাচ্ছে, ব্যথায় কাতর অমিতাভ বসে রয়েছেন কাউচে, ডাক্তার জিজ্ঞাসা করছেন কী সমস্যা হচ্ছে তাঁর। উত্তরে অভিনেতা তাঁকে বলছেন তিনি বাইরের কোনও মশলাদার খাবার খাননি তাও তাঁর পেটে ব্যথা হচ্ছে। তখন ডাক্তারের সন্দেহ হয় যে তাহলে নিশ্চয় তিনি পেটে গোপন কোনও খবর চেপে রেখেছেন, তাই তাঁর এই সমস্যা হচ্ছে। এই কথাবার্তার পর অমিতাভ সামনে আনেন কেবিসি সিজন ১৭-এর রেজিস্ট্রেশনের কথা। ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই সুযোগ। তিনি স্বীকার করে নেন এই খবর এতক্ষণ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে না পেরেই পেটে ব্যথা হচ্ছিল তাঁর।
View this post on Instagram
বলাই বাহুল্য, এই প্রোমো (promo) মনে ধরেছে ভক্তদের।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, ফেব্রুয়ারিতেই ১৬ নম্বর সিজন শেষ হয়েছে, এর মধ্যেই নতুন সিজন (KBC new season)কীভাবে আসতে পারে? কেউ কেউ বলছেন, প্রতি ছ’মাস অন্তর তো নতুন শো এসে যায়, কখনও ইন্ডিয়ান আইডল বা অন্য কিছু।
১৪ এপ্রিল থেকে রেজিস্ট্রেশন শুরু হলে তারপর তাড়াতাড়িই অডিশনও শুরু হয়ে যাবে কেবিসি-এর। প্রতিযোগীদের বেছে নিয়ে তাঁদের ভিডিও স্টোরিও শুরু করে দেওয়া হবে। সব ঠিকঠাক চললে অগস্ট থেকেই শুরু হবে শো।
আগের বছরে, ব্যক্তিগত ব্লগ থেকে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, এই শোয়ের মাধ্যমে প্রতিযোগীরা শুধুমাত্র অর্থপুরষ্কার পান তাই না, এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁরা জীবনের নানা গল্প শেয়ার করে নেন সবার সঙ্গে।কিছু নতুন পরিবর্তন আসতে চলেছে এইবারের খেলায়, অনেক কিছু নতুন শেখারও থাকবে। নানারকম প্রতিকূলতা পেরিয়ে তাঁরা আসেন এখানে, কেবিসির মুহূর্তটা উপভোগ করে নেন।’ মজা করে কেবিসির ‘হট চেয়ার’কে ‘গরম চেয়ার’ বলেন বর্ষীয়ান এই অভিনেতা।
উল্লেখ্য, ২০০০ সালে ‘কোন বনেগা ক্রোড়পতি’-এর জন্মলগ্ন থেকেই সঞ্চালনা করে এসেছেন অমিতাভ বচ্চন। শুধু, মাঝে ২০০৭ সালে তিন নম্বর সিজনে দায়িত্বভার সামলেছিলেন অভিনেতা শাহরুখ খান।