লিয়ারি–করাচি–বালোচিস্তানের দৃশ্য দেখে অনেকেই ভাবছেন ‘ধুরন্ধর’ কি পাকিস্তানেই শুট হয়েছে।

'ধুরন্ধর'
শেষ আপডেট: 9 December 2025 21:19
দ্য ওয়াল ব্যুরো: পরিচালক আদিত্য ধরের ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। ছবির কাহিনিতে বারবার উঠে এসেছে পাকিস্তানের লিয়ারি, করাচি এবং বালোচিস্তানের বিস্তীর্ণ এলাকা। পর্দায় সাদা চুনাপাথরের পাহাড়, শুষ্ক উপত্যকা আর রুক্ষ প্রাকৃতিক দৃশ্য দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, শুটিং নিশ্চয়ই পাকিস্তানেই হয়েছে। শুধু ভারত নয়, পাকিস্তানের দর্শকেরাও পর্দায় ‘চেনা’ জায়গাগুলিকে দেখে খানিকটা বিভ্রান্ত হয়েছেন।
আসলে সত্যিটা অন্য জায়গায়। পাকিস্তানের ভৌগোলিক পরিবেশকে নিখুঁতভাবে তুলে ধরলেও, ছবির কোনও দৃশ্যই সেখানে শুট হয়নি। পাকিস্তানের প্রকৃতির সঙ্গে মিল আছে, এমন স্থানই বেছে নিয়েছিলেন নির্মাতারা।
রণবীর সিংয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হয়েছে লাদাখে। অক্ষয় খন্নার জনপ্রিয় ‘ফিলিপারচি’ গানের দৃশ্যও লাদাখেই ধারণ করা হয়। পাশাপাশি লুধিয়ানা ও ব্যাঙ্ককেও ছবির কয়েকটি অংশের শুটিং হয়েছে। অর্থাৎ ‘ধুরন্ধর’ পাকিস্তানের গল্প বললেও, তার শুটিং সম্পূর্ণই ভারতের এবং বিদেশের কয়েকটি লোকেশন মিলিয়ে সাজানো হয়েছে।
৫ ডিসেম্বর ছবি মুক্তি পেয়েছে ধুরন্ধর। রণবীর-সহ একাধিক হেভিওয়েট অভিনেতাকে ছাপিয়ে চর্চার কেন্দ্রে এখন অক্ষয় খান্না। যে দৃশ্যের জন্য তিনি ভাইরাল, তার পেছনের গল্প অনেকেরই অজানা। একে লাদাখ তার মধ্যে চূড়ান্ত ঠান্ডা। অক্সিজেনের সমস্যা হয়েছিল অভিনেতা। তাই সিলিন্ডার নিয়ে কাজ হয়।
এদিকে কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি জানিয়েছেন, ভাইরাল FA9LA গানের দৃশ্যটি মূলত ছিল এক রাজকীয় এন্ট্রি। রেহমান ডাকাতকে ‘শের-এ-বালোচ’ (Sher-e-Baloch) সম্মান দেওয়ার মুহূর্তকে কেন্দ্র করেই সাজানো হয়েছিল পুরো সিকোয়েন্স। প্রথমে প্ল্যান ছিল, অক্ষয় হাঁটতে হাঁটতে যাবেন, নৃত্যশিল্পীদের পাশ কাটিয়ে সিংহাসনে বসবেন। কিন্তু সেটের পরিবেশ, নাচ আর দৃশ্যের প্রাণ দেখে হঠাৎই অক্ষয় বললেন, "আমি একটু নাচব।" সেই মুহূর্তেই তৈরি হয়ে যায় ভাইরাল ক্লিপটি।