১৪ অগস্ট মুক্তি পাচ্ছে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’। কিয়ারা আডবানির লুক থেকে শুরু করে নতুন প্রোমো—দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে। দেশজুড়ে ৫,০০০ সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।

‘ওয়ার ২’
শেষ আপডেট: 11 August 2025 12:23
দ্য ওয়াল ব্যুরো: ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে মেগা বাজেট ছবি ‘ওয়ার ২’, যেখানে প্রথমবার পর্দায় মুখোমুখি হবেন বলিউডের হৃতিক রোশন ও দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর। দুই তারকার এই যুগলবন্দি দেখার জন্য ইতিমধ্যেই উত্তেজনায় ভাসছেন দর্শকরা। ছবিতে কিয়ারা আডবানির মারকাটারি লুকও হয়ে উঠেছে বাড়তি আকর্ষণ।
মুক্তির দিন গোনার আগেই শুরু হয়ে গিয়েছে অ্যাডভান্স টিকিট বুকিং। যশরাজ ফিল্মস প্রযোজিত ও অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির নতুন প্রোমো নেটদুনিয়ায় ঝড় তুলেছে। শুধুমাত্র হিন্দি ভাষায়ই দেশের ৫,০০০টিরও বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ওয়ার ২’। পাশাপাশি তামিল, তেলুগু ও মালয়ালম ভাষাতেও মুক্তি পাবে ছবিটি। বক্স অফিসে বিপুল সাফল্যের আশা করছেন বিশেষজ্ঞরা।
তবে মুক্তির মাত্র কয়েকদিন আগে ছবিতে কাঁচি চালিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সেন্সর বোর্ড)। মোট ছয়টি দৃশ্যে কাটছাঁট করা হয়েছে, যা অডিও ও ভিজ্যুয়াল—দুই ক্ষেত্রেই প্রযোজ্য। সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে গান ‘আওয়ান জাওয়ান’-এ, যেখানে কিয়ারার বিকিনি পরা দৃশ্য প্রায় নয় সেকেন্ড কমানো হয়েছে। খবরটি প্রকাশ্যে আসতেই মন খারাপ হয়েছে ভক্তদের।
ছবির নির্মাতাদের দাবি, গল্প ও বিষয়বস্তুর ভারসাম্য বজায় রাখতেই কিছু দৃশ্য বাদ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, এই কাটছাঁটের পরেও ‘ওয়ার ২’ দর্শকদের মনে কতটা ছাপ ফেলতে পারে।