পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণের চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়। কিন্তু তিনি জানিয়েছেন, এই ছবির জন্য তিনি এক পয়সাও পারিশ্রমিক নেবেন না।

বিবেক ওবেরয়
শেষ আপডেট: 30 October 2025 14:52
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা বিবেক ওবেরয়ের হাতে এখন বেশ কিছু নজরকাড়া কাজ রয়েছে, যার মধ্যে অন্যতম হল পরিচালক নীতেশ তিওয়ারির স্বপ্নের প্রজেক্ট 'রামায়ণ'। এই ছবিতে বিবেককে দেখা যাবে রণবীর কাপুরের বিপরীতে 'বিভীষণ'-এর চরিত্রে। তবে সবচেয়ে বড় চমক হল, বিবেক এই ছবিতে অভিনয় করার জন্য এক পয়সাও পারিশ্রমিক নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
একটি সাক্ষাৎকারে অভিনেতা নিজেই এই সিদ্ধান্তের কারণ জানিয়েছেন। তাঁর পারিশ্রমিকের পুরো অর্থই তিনি সমাজের একটি বিশেষ কাজে ব্যবহার করতে চান।
বিবেক বলেন, "আমি প্রযোজক নমিত মলহোত্রকে বলেছি এই ছবিতে অভিনয়ের জন্য আমার এক পয়সাও লাগবে না। এই অর্থ আমি ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য দান করতে চাই। এভাবেই আমি একটু ওদের পাশে থাকতে চাই।"
বিবেক বিশ্বাস করেন, বড় পর্দায় 'রামায়ণ' তুলে ধরার অর্থ ভারতীয় সিনেমাকে বিশ্বের মঞ্চে অনেকটা উচ্চস্থানে পৌঁছে দেওয়া।
বিভীষণের চরিত্রটিকে নিজের জীবনের 'দারুণ এক অভিজ্ঞতা' হিসেবে দেখছেন বিবেক। তিনি মনে করেন, এই ছবিটি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা কাজ হতে চলেছে। বিবেক বলেন, "রামায়ণ পৌরাণিক না ঐতিহাসিক, এই বিষয় নিয়ে লড়াই দীর্ঘদিনের। আমি যদিও বিশ্বাস করি এটা একেবারেই ঐতিহাসিক কাহিনি।"
তিনি আরও জানান, পুরো ইউনিট—যেমন নমিত, নীতেশ, যশ, রকুলপ্রীতের সঙ্গে খুবই আনন্দ করে কাজ করেছেন। তাঁর আরও কয়েকদিনের শুটিং বাকি রয়েছে।
'রামায়ণ' ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে এবং সীতার ভূমিকায় থাকবেন সাই পল্লবী। জানা গেছে, ছবিটির প্রথম দফার এডিটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এবার ভিএফএক্স (VFX)-এর উপর বিশেষ নজর দেওয়া হবে।