নাম-ছবি দিয়ে ভুয়ো ভিডিও, অশ্লীল কনটেন্ট আর রমরমা ব্যবসা! এআই অপব্যবহারের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে বিবেক ওবেরয়।

বিবেক ওবেরয়
শেষ আপডেট: 5 February 2026 17:05
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা ও উদ্যোগপতি বিবেক ওবেরয় (Vivek Oberoi) তাঁর নাম, ছবি ও ব্যক্তিত্বের অপব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা চেয়ে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিশেষ করে মরফ করা ছবি ও এআই-নির্ভর ভুয়ো কনটেন্টের (AI deepfake) মাধ্যমে তাঁর পরিচিতি ব্যবহার করে যে অপপ্রচার চলছে, তার বিরুদ্ধেই আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। বিচারপতি তুষার রাও গেদেলা জানান, এই মামলায় আদালত শীঘ্রই নির্দেশ দেবে।
মামলার আবেদনে বিবেক ওবেরয়ের অভিযোগ, একাধিক ব্যক্তি ও সংস্থা তাঁর অনুমতি ছাড়াই তাঁর নাম ও পরিচিতি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করেছে। সেই সব অ্যাকাউন্ট থেকে মরফ করা ছবি ও এআই দিয়ে তৈরি ভিডিও ছড়ানো হচ্ছে, যা তাঁর ভাবমূর্তি ও সুনামের অপূরণীয় ক্ষতি করছে। বিবেকের দাবি, এই কনটেন্টগুলিতে ‘অরুচিকর ও বিকৃত চিত্র’ ব্যবহার করা হয়েছে।
মামলায় স্পষ্টভাবে বলা হয়েছে, এই ধরনের ভিডিওতে তাঁকে মিথ্যা ও আপত্তিকর পরিস্থিতিতে, এমনকি চলচ্চিত্র জগতের অন্যান্য তারকাদের সঙ্গে অনুপযুক্ত দৃশ্যে দেখানো হচ্ছে। সেই সঙ্গে ইঙ্গিতপূর্ণ ও কুৎসিত মন্তব্যের মাধ্যমে তাঁর পারিবারিক জীবনকেও লক্ষ্য করা হচ্ছে। এই ধরনের ভিডিও সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং দেখে মনে হতে পারে যে দেখানো ঘটনাগুলি সত্যি। বিবেকের অভিযোগ, এই ভিডিওগুলি অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ এবং ইউটিউব শর্টস বা ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা ও বাণিজ্যিক লাভের উদ্দেশ্যেই তাঁর ছবি ব্যবহার করা হচ্ছে।
শুধু সোশ্যাল মিডিয়াই নয়, মামলায় আরও উল্লেখ করা হয়েছে, কিছু ই-কমার্স ওয়েবসাইট বিবেক ওবেরয়ের নাম ও ছবি ব্যবহার করে পোস্টার, টি-শার্ট, পোস্টকার্ডের মতো পণ্য বিক্রি করছে। তাঁর কোনও অনুমতি বা সম্মতি ছাড়াই এই সমস্ত পণ্য থেকে আর্থিক লাভ করা হচ্ছে বলে অভিযোগ।
আবেদনে আরও জানানো হয়েছে, বিবেক ওবেরয় শুধু অভিনেতাই নন, একজন সফল ব্যবসায়ীও। ভারত ও দুবাইয়ে তাঁর একাধিক ব্যবসায়িক স্বার্থ রয়েছে। এই ধরনের ডিপফেক ও ভুয়ো কনটেন্ট তাঁর ব্যবসায়িক সুনামকেও ক্ষতিগ্রস্ত করছে। মামলায় বলা হয়েছে, চলচ্চিত্র জগতের বাইরেও তিনি নিজস্ব বাণিজ্যিক বিশ্বাসযোগ্যতা তৈরি করেছেন এবং একজন উদ্যোগপতি হিসেবে যথেষ্ট গুডউইল অর্জন করেছেন। তাই তাঁর সম্মতি ছাড়া তাঁর ব্যক্তিত্বের কোনও দিকই অপব্যবহার বা নকল করা উচিত নয়।
এই মামলার মাধ্যমে বিবেক ওবেরয় আদালতের কাছে আবেদন করেছেন, যাতে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থাগুলিকে তাঁর ব্যক্তিত্ব ও প্রচারাধিকার লঙ্ঘন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক সময়ে একের পর এক পরিচিত মুখ তাঁদের ব্যক্তিত্বের অপব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছেন। বিবেকের আগেও ঐশ্বর্যা রাই, অভিষেক বচ্চন, সলমন খান এবং পডকাস্টার রাজ শামানির মতো ব্যক্তিত্বরা দিল্লি হাইকোর্টে তাঁদের পার্সোনালিটি ও পাবলিসিটি রাইটস সুরক্ষার আবেদন জানিয়েছেন।