মাত্র ৭৬৬ গ্রাম ওজন, সারা শরীর বেগুনি—মালতীর জন্মের সেই ভয়ংকর দিনের কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না নিক জোনাস।

ফাইল চিত্র
শেষ আপডেট: 5 February 2026 16:49
দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে চার বছরে পা দিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও নিক জোনাসের কন্যা মালতী মেরি (Nick Jonas)। তারকাদম্পতি মাঝেমধ্যেই খুদের নানা মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেও, মালতীর জন্মঘিরে সেই কঠিন সময়ের কথা খুব কমই প্রকাশ্যে এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই স্মৃতিতে ফিরে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি নিক জোনাস।
২০২২ সালের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে জন্ম হয় মালতীর। তবে নির্ধারিত সময়ের অনেক আগেই পৃথিবীতে আসে সে। নিক জানান, তাঁরা ভেবেছিলেন এপ্রিল মাসে সন্তানের জন্ম হবে। কিন্তু আচমকাই ফোন পেয়ে জানতে পারেন, খুব তাড়াতাড়ি সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। সেই খবরেই ভেঙে পড়েছিলেন তাঁরা।
জন্মের পর মালতীর শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। নিকের কথায়, হাসপাতালে গিয়ে তাঁরা দেখেন সদ্যোজাত কন্যার ওজন মাত্র ৭৬৬ গ্রাম। সারা শরীর ছিল বেগনি রঙের। সেই মুহূর্তের কথা বলতে গিয়ে গলা ধরে আসে তাঁর। প্রিম্যাচিওর জন্মের ফলে টানা ১০০ দিন ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’-এ রাখতে হয়েছিল মালতীকে।
পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছিল তখনকার করোনা অতিমারির আবহ। নিক জানান, সেই সময়ে তাঁরা দু’জনেই প্রবল দুশ্চিন্তার মধ্যে ছিলেন। প্রায় তিন মাস ধরে প্রিয়াঙ্কা ও নিক পালা করে প্রতিদিন ১২ ঘণ্টা করে হাসপাতালে কাটিয়েছেন। নিকের কথায়, “হাসপাতালের সেই গন্ধ আজও আমার নাকে লেগে আছে।”
দীর্ঘ লড়াইয়ের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে মালতী। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমবার প্রকাশ্যে মেয়ের কথা জানান প্রিয়াঙ্কা চোপড়া। যদিও মালতীর মুখ ইতিমধ্যেই নেটাগরিকদের চোখে পড়েছে, তবুও কন্যার পরিচয় আড়ালেই রাখতে পছন্দ করেন প্রিয়াঙ্কা ও নিক।