বিশালের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নেটমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, জনপ্রিয় ছবির মাধ্যমে বাস্তব ঘটনার ব্যাখ্যা বা পুনর্নির্মাণ নিয়ে প্রশ্ন তোলাই তাঁর উদ্দেশ্য। আবার নেটিজেনদের অপর অংশের মতে, সৃজনশীল স্বাধীনতার জায়গা থেকেই নির্মাতারা এমন কল্পনা ব্যবহার করেন।
.jpeg.webp)
শেষ আপডেট: 22 March 2026 15:49
দ্য ওয়াল ব্যুরো: আদিত্য ধর (Aditya Dhar) পরিচালিত এবং রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ধুরন্ধর (Dhurandhar The Revenge) বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেলেও বিতর্ক থেকে রেহাই পেল না। এবার ছবির চিত্রনাট্যের একটি গুরুত্বপূর্ণ বিষয়— নোটবন্দি প্রসঙ্গ— ঘিরেই পরোক্ষেভাবে কটাক্ষ করলেন সঙ্গীতশিল্পী বিশাল দাদলানি (Vishal Dadlani)।
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি। মাঝে মধ্যেই নানা প্রসঙ্গে পোস্ট করে থাকেন। এবার, শনিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্ট শেয়ার করেন বিশাল। সরাসরি ছবির নাম উল্লেখ না করলেও তাঁর বক্তব্য যে ‘ধুরন্ধর ২’-এর দিকেই ইঙ্গিত করছে, তা স্পষ্ট। ছবির দ্বিতীয়ার্ধে নরেন্দ্রমোদী (Narendra Modi)-র ২০১৬ সালের নোটবন্দি সিদ্ধান্তকে ‘অপারেশন গ্রিন লিফ’ নামে দেখানো হয়েছে, যেখানে সেটিকে সন্ত্রাসে অর্থের জোগান বন্ধ করার কৌশল হিসেবে তুলে ধরা হয়।
এই প্রেক্ষিতেই বিশাল একটি তথ্যভিত্তিক বক্তব্য শেয়ার করে লেখেন, “নতুন করে যে সব কথা ঘুরছে, তার প্রেক্ষিতে মনে রাখা দরকার— সিনেমা শুধু বিনোদন। তথ্য কিন্তু তথ্যই থাকে।” তাঁর শেয়ার করা আরেকটি পোস্টে উল্লেখ করা হয়, নোটবন্দির পরেও ভারতে সন্ত্রাসবাদী হামলা বন্ধ হয়নি; ২০১৯ সালের পুলওয়ামা হামলার মতো ঘটনাও ঘটেছে। বিশ্লেষণে আরও দাবি করা হয়, নোটবন্দির ফলে সামগ্রিক সন্ত্রাসবাদী কার্যকলাপে বড় পরিবর্তন দেখা যায়নি।

বিশালের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নেটমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, জনপ্রিয় ছবির মাধ্যমে বাস্তব ঘটনার ব্যাখ্যা বা পুনর্নির্মাণ নিয়ে প্রশ্ন তোলাই তাঁর উদ্দেশ্য। আবার নেটিজেনদের অপর অংশের মতে, সৃজনশীল স্বাধীনতার জায়গা থেকেই নির্মাতারা এমন কল্পনা ব্যবহার করেন।
সব মিলিয়ে, বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি ধুরন্ধর ২ এখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। ছবির কনটেন্ট ও বাস্তবের মেলবন্ধন নিয়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। অনেকেই রিল-রিয়েল লাইফকে এক সুঁতোয় বেঁধে ফেলতে চাইছেন, কেউ কেউ আবার সত্যতা যাচাই করার চেষ্টা করে চলেছেন। তবে ছবির সমীকরণ যাই হোক না কেন, বক্স অফিসে সে ছবি নিজের ক্ষমতা ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে। ভেঙেছে সমস্ত রেকর্ড। এখন দেখার, ছবির মোট কালেকশন কত কোটিতে দাঁড়ায়।