পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে শাকিরার ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ স্থগিত। টিকিটের সম্পূর্ণ রিফান্ড ঘোষণা করলেও ক্ষোভে অনুরাগীরা। কবে নতুন দিন ঘোষণা হবে, তা নিয়ে জল্পনা।

শাকিরা
শেষ আপডেট: 22 March 2026 13:03
দ্য ওয়াল ব্যুরো: পপ তারকা শাকিরার (Shakira India Concert) ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ (Feeding India Concert) ঘিরে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁর ভারত সফরের ঘোষণা অনেককেই উচ্ছ্বসিত করেছিল। কিন্তু সেই আশায় আপাতত জল ঢেলে দিল বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা ও আঞ্চলিক অস্থিরতার কারণ দেখিয়ে আয়োজকরা শাকিরার ভারত সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
আয়োজক সংস্থা District by Zomato ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করে জানিয়েছে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনার কথা মাথায় রেখেই ‘ফিডিং ইন্ডিয়া’ কনসার্ট আপাতত স্থগিত করা হয়েছে। তাঁদের বক্তব্য, অনুরাগী, শিল্পী এবং প্রোডাকশন টিমের নিরাপত্তাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। সেই কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যাঁরা ইতিমধ্যেই টিকিট কেটেছেন, তাঁরা আগামী ৫-৭ কর্মদিবসের মধ্যে নিজেদের মূল পেমেন্ট মোডে সম্পূর্ণ রিফান্ড পেয়ে যাবেন। তবে এই ঘোষণার পরেও অনেক অনুরাগী হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন সমাজমাধ্যমে।
প্রসঙ্গত, একই কারণে এর আগেও আন্তর্জাতিক শিল্পীদের অনুষ্ঠান পিছিয়ে যাওয়ার নজির রয়েছে। মার্কিন র্যাপার Kanye West-এর কনসার্টও ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে পিছিয়ে দেওয়া হয়েছে। ২৯ মার্চ দিল্লিতে তাঁর অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও আমেরিকা-ইরান সংঘাতের আবহে তা সরিয়ে আগামী ২৩ মে করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালে শেষবার মুম্বইয়ে পারফর্ম করেছিলেন শাকিরা। প্রায় ১৮-১৯ বছর পর আবারও ভারত সফরে এসে মঞ্চ মাতানোর কথা ছিল তাঁর। পরিকল্পনা অনুযায়ী, ১০ ও ১১ এপ্রিল মুম্বইয়ে এবং ১৫ এপ্রিল দিল্লিতে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এই সফর নিয়ে শাকিরা নিজেও যথেষ্ট উচ্ছ্বসিত ছিলেন, কারণ ‘ফিডিং ইন্ডিয়া’ কনসার্টের সঙ্গে যুক্ত ছিল একটি সামাজিক উদ্দেশ্য।