রশ্মিকা-বিজয় এমন একটি জায়গা বেছে নিয়েছিলেন যা তাঁদের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই- নিরিবিলি, স্বস্তিদায়ক এবং নিজের মতো করে সময় কাটানোর উপযোগী। তাঁদের বিয়ের মতোই হানিমুন পরিকল্পনাতেও ছিল নিজস্বতা এবং সরলতার ছোঁয়া।

বিজয়-রশ্মিকা
শেষ আপডেট: 21 March 2026 23:03
দ্য ওয়াল ব্যুরো: সবুজে ঘেরা শান্ত পরিবেশ, সিঁড়ির ধারে দাঁড়িয়ে নবদম্পতি। ফ্লোরাল পোশাক পরে রশ্মিকা (Rashmika Mandanna), হাসিমুখে জড়িয়ে ধরেছেন বিজয়কে (Vijay Deverakonda)। তিনিও দু’হাত বাড়িয়ে কাছে টেনে নিয়েছেন স্ত্রীকে- যেন পুরো পৃথিবীর নিরাপত্তা ওই দুই হাতেই লুকিয়ে আছে। যেন কোনও সিনেমার দৃশ্যের মতো। বিজয়-রশ্মিকার হানিমুনের (Vijay Rashmika Honeymoon) এই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গেছে।
ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান শেষ করে এবার হানিমুনে মগ্ন নবদম্পতি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডা (Rashmika Mandanna ও Vijay Deverakonda)। উদয়পুরে জমকালো বিয়ের পর দু’জনকে দেখা গেছে থাইল্যান্ডের জনপ্রিয় দ্বীপ কো সামুইয়ে (Koh Samui), যেখানে তাঁরা কাটাচ্ছেন ব্যক্তিগত ও রোমান্টিক সময়। সামাজিক মাধ্যমে তাঁদের একটি অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়তেই নতুন দম্পতিকে ঘিরে আলোচনার ঝড় উঠেছে।
রিপোর্ট অনুযায়ী, তাঁরা থাকছিলেন একটি ব্যক্তিগত এয়ারবিএনবি ভিলায়, যেখানে সমুদ্রের দৃষ্টিনন্দন দৃশ্য দেখা যায়। বড়সড় রিসর্ট নয়, বরং নিরিবিলি ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়েই হানিমুন কাটাতে চেয়েছেন এই তারকা দম্পতি।
এক সূত্রকে উদ্ধৃত করে একটি প্রতিবেদনে বলা হয়েছে, রশ্মিকা-বিজয় এমন একটি জায়গা বেছে নিয়েছিলেন যা তাঁদের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই- নিরিবিলি, স্বস্তিদায়ক এবং নিজের মতো করে সময় কাটানোর উপযোগী। তাঁদের বিয়ের মতোই হানিমুন পরিকল্পনাতেও ছিল নিজস্বতা এবং সরলতার ছোঁয়া।
বিয়ে ও পরবর্তী আয়োজন
গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে (Udaipur) এই তারকা-জুটির বিয়ে হয়। এরপর ৪ মার্চ হায়দরাবাদে ছিল রিসেপশন। বিয়ে শেষ হওয়ার পরেই দেশের নানা প্রান্তে মিষ্টি পাঠিয়ে সবাইকে তাঁদের খুশিতে সামিল করেন দু’জন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক নোটে তাঁরা জানান, দেশের মানুষ সবসময় তাঁদের যাত্রার অংশ ছিলেন, তাই এই আনন্দও সবাইকে সঙ্গে নিয়ে উদ্যাপন করতে চান।
১ মার্চ থেকে দেশজুড়ে বিভিন্ন শহরে ট্রাকে করে মিষ্টি পাঠানো হয়। পাশাপাশি বহু মন্দিরে অন্নদানও করেন নবদম্পতি। তাঁদের মিষ্টি বিতরণ কর্মসূচির আওতায় হায়দরাবাদ, দিল্লি, চণ্ডীগড়, জয়পুর, মুম্বই থেকে শুরু করে বেঙ্গালুরু, কোচি, ভাইজ্যাক, চেন্নাই-সহ বহু শহর অন্তর্ভুক্ত ছিল।
পরিবারের মতোই ভক্তদের সঙ্গেও উদ্যাপন
বিয়ের আনন্দে ভক্তদেরও অংশীদার করতে চাওয়া রশ্মিকা ও বিজয়ের এই উদ্যোগ অনুরাগীদের মন জিতেছে। এখন হানিমুনের নতুন ছবি ভাইরাল হওয়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে তারকা দম্পতি। খুব শিগগিরই তাঁরা নিজেদের কাজে ফিরবেন বলেই আশা করা হচ্ছে, যদিও আপাতত দু’জনই ব্যস্ত একান্ত সময় উপভোগ করতে।