সূত্রের খবর, সকাল ১০টায় শুরু হয়ে গিয়েছে তেলুগু রীতিতে বিয়ের মূল অনুষ্ঠান। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা যুগল। পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং ইন্ডাস্ট্রির অতি আপনজনদের উপস্থিতিতে সম্পন্ন হচ্ছে এই পর্ব।

শেষ আপডেট: 26 February 2026 10:48
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় দুই তারকা রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) ও বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। নাহ, এই বিয়ে নিয়ে ছিল না কোনও লুকোচুরি। যথা সময় সেলেব-জুটি সবটা সামনে এনেছিলেন। নিজেরাই ঘোষণা করেছিলেন বিয়ের খবর। একাধিক ছবিও ইতিমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল। তাঁদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি উদ্যাপন করতে চলেছেন, আয়োজনে বিন্দু মাত্র খামতি নেই। বহু প্রতীক্ষিত এই বিয়ের অনুষ্ঠান সাজানো হয়েছে দুই ভিন্ন সংস্কৃতির রীতিনীতি মেনে, যা স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে বাড়িয়েছে উত্তেজনা।
১০টায় শুরু হয় বিয়ের অনুষ্ঠান
সূত্রের খবর, সকাল ১০টায় শুরু হয়ে গিয়েছে তেলুগু রীতিতে বিয়ের মূল অনুষ্ঠান। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা যুগল। পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং ইন্ডাস্ট্রির অতি আপনজনদের উপস্থিতিতে সম্পন্ন হচ্ছে এই পর্ব। দক্ষিণী ঐতিহ্যের ছোঁয়ায় সাজানো মণ্ডপ, শাস্ত্রসম্মত আচার এবং সাদামাটা অথচ মার্জিত আয়োজনেই সেজে উঠল এই বিশেষ দিন। তবে এখানেই শেষ নয়।
এরপর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে কোডাভা রীতিতে বিয়ের অনুষ্ঠান। কর্ণাটকের কুর্গ অঞ্চলের ঐতিহ্যবাহী এই প্রথায় পোশাক, অলংকার ও আচার-অনুষ্ঠানে থাকে বিশেষ বৈশিষ্ট্য। জানা গিয়েছে, সেই সংস্কৃতির মর্যাদাকে বজায় রেখেই আয়োজন করা হয়েছে দ্বিতীয় পর্বের। দুই পরিবারের ঐতিহ্যকে সমান গুরুত্ব দিয়ে সাজানো এই উদ্যাপন তাঁদের পারিবারিক শিকড়ের প্রতিও সম্মান জানানোর এক সুন্দর প্রয়াস।
এই দ্বৈত আচার শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি দুই সংস্কৃতির মিলন, দুই পরিবারের বন্ধন এবং দুই মানুষের ভালবাসার এক প্রতীকী উদ্যাপন। ভক্তদের কাছে এই বিয়ে নিছক তারকাদের ব্যক্তিগত অনুষ্ঠান নয়, বরং এক আবেগঘন মুহূর্ত, প্রত্যেকেই এখন মুখিয়ে রয়েছেন জুটির বিয়ের পর প্রথম লুক দেখার অপেক্ষায়।