গত বছর লন্ডনের এক হাসপাতালে জন্ম নেয় অনুষ্কা-বিরাটের ছোট ছেলে, অকায়। যদিও তার আগেও এবং তারপরেও, সন্তানদের কোনও ছবি কখনও সামাজিক মাধ্যমে শেয়ার করেননি বিরাট বা অনুষ্কা।

কী সিদ্ধান্ত অনুষ্কার?
শেষ আপডেট: 24 June 2025 14:33
দ্য ওয়াল ব্যুরো: পুত্রসন্তান অকায়ের জন্মের পর থেকেই কার্যত পর্দার আড়ালে চলে গিয়েছেন অনুষ্কা শর্মা। স্বামী বিরাট কোহলি ও দুই সন্তানকে নিয়ে এখন তাঁর ঠিকানা লন্ডনে। ভামিকার জন্মের পর কিছুদিন ভারতে থাকলেও, অকায়ের জন্মের পর পাকাপাকিভাবেই প্রবাসজীবন বেছে নিয়েছেন তারকা দম্পতি। আর এই সিদ্ধান্তের মূল কারণ তাঁদের সন্তানদের ব্যক্তিগত গোপনীয়তা।
গত বছর লন্ডনের এক হাসপাতালে জন্ম নেয় অনুষ্কা-বিরাটের ছোট ছেলে, অকায়। যদিও তার আগেও এবং তারপরেও, সন্তানদের কোনও ছবি কখনও সামাজিক মাধ্যমে শেয়ার করেননি বিরাট বা অনুষ্কা। এমনকি সংবাদমাধ্যম বা পাপারাজ্জিদের ক্যামেরা থেকেও সতর্ক থেকেছেন তাঁরা। মাঝে মাঝে ক্যামেরায় ঝলক মিললেও, তা এক সেকেন্ডের বেশি নয়।
এই নিয়েই অনেকের কৌতূহল—কবে দেখা যাবে ভামিকা বা অকায়কে সামনে? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অনুষ্কা শর্মা। জানালেন, “আমি চাই না আমার সন্তানরা সেলিব্রিটি তকমা নিয়েই বড় হোক। ওরা যেন স্বাভাবিক জীবনে বেড়ে উঠতে পারে, সেটাই আমার লক্ষ্য। ক্যামেরার সামনে থাকাটা আমাদের বড়দের জন্যই চাপের, ওরা সেটা মেনে নিতে পারবে না।”
তিনি আরও বলেন, “আমরা চাই ওরা যেন এমন না ভাবে যে ওরা আলাদা বা বিশেষ কিছু। ওদের যেন সাধারণ ছেলেমেয়েদের মতো করেই বেড়ে উঠতে দেওয়া হয়। জানি এই সিদ্ধান্ত সহজ নয়, তবে আমরা দু’জনেই এটা মেনে চলব।” অনুষ্কা জানান, বড় না হওয়া পর্যন্ত, নিজেদের বিচারবোধ গড়ে ওঠা না পর্যন্ত ছেলেমেয়েদের সামনে আনার কোনও প্রশ্নই নেই। আর এই সিদ্ধান্তেই অনড় থাকবেন তাঁরা।
বিরাট-অনুষ্কার এই সিদ্ধান্তে একপক্ষ যেমন তাঁদের প্রশংসা করছেন, তেমনই অনেকে বলছেন, ‘সেলিব্রিটি সন্তানদের লুকিয়ে রাখা আদৌ সম্ভব কি?’ তবে অনুষ্কার সাফ কথা, "এই সিদ্ধান্ত বদলানোর কোনও প্রশ্নই নেই।"