‘১২থ ফেইল’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার দৌড়ে বিক্রান্ত মাসে। সেরা অভিনেত্রী বিভাগে জোরালো নাম রানি মুখার্জির।

বিক্রান্ত মাসে
শেষ আপডেট: 31 July 2025 17:34
দ্য ওয়াল ব্যুরো: '12th Fail' ছবি দিয়ে সারা দেশের মন জিতে নিয়েছেন বিক্রান্ত মাসে। এবার শোনা যাচ্ছে, জাতীয় পুরস্কার ঘোষণার মুখে, আর এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার উঠতে চলেছে তাঁর হাতেই। যদিও এখনও সরকারি ঘোষণা হয়নি, তবে বলিউডে কানাঘুষো জোর—বিক্রান্তের স্বপ্ন সত্যি হতে চলেছে।
বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সুভাষ কে ঝা জানিয়েছেন, '12th Fail'-এ বিক্রান্ত মাসের অভিনয়ের জন্য তাঁকেই জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে। এটা প্রায় নিশ্চিত।” তিনি আরও বলেন, “সেরা অভিনেত্রী বিভাগে রানি মুখোপাধ্যায় শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তাঁর ছবি Mrs Chatterjee vs Norway-তে অভিনয় সকলের মন ছুঁয়ে গিয়েছে। যদিও দক্ষিণ ভারত থেকে দু’জন অভিনেত্রীও দৌড়ে রয়েছেন।”
এ বছরই এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেছিলেন, “আমি যখন ছোট ছিলাম, তখন থেকেই অভিনেতা হতে চেয়েছি। সেই সময় থেকেই প্রার্থনা করতাম, একদিন যেন জাতীয় পুরস্কার পাই। কারণ, একজন ভারতীয় অভিনেতার জীবনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পাওয়া—এর চেয়ে বড় কিছু হতে পারে না।” তিনি আরও বলেন, “আমি চেয়েছি এই ছবি (12th Fail) পুরস্কার পাক, আমি চাই বিদু বিনোদ চোপড়াও সম্মান পান। এই ছবির সঙ্গে জড়িত প্রত্যেকে যেন সম্মানিত হন।”
বিক্রান্ত মাসে বর্তমানে শানায়া কাপুরের সঙ্গে তাঁর নতুন ছবি 'Aankhon Ki Gustaakiyan'-এ কাজ করছেন। পাশাপাশি, শিগগির আসতে চলেছে তাঁর পরবর্তী ছবি 'White', যেখানে তিনি আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর-এর চরিত্রে অভিনয় করছেন।
অন্যদিকে, রানি মুখোপাধ্যায় ফিরছেন তাঁর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে—'Mardaani 3' এখন প্রোডাকশনে রয়েছে। গুঞ্জন চলছে, তাঁকে শাহরুখ খানের আসন্ন ছবি 'King'-এও দেখা যেতে পারে, যদিও এখনও অফিসিয়াল ঘোষণা আসেনি।