আগেকার দিনে মানুষ গান শুনত রেডিও বা টিভিতে। এখন যুগ বদলেছে। ইউটিউব, ওটিটি প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম রিল, সব মিলিয়ে গায়কদের এক্সপোজার অনেক বেড়ে গেছে।

অরিজিৎ সিং (ফাইল ছবি)
শেষ আপডেট: 31 July 2025 17:16
দ্য ওয়াল ব্যুরো: দেশের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের সরল জীবনযাপন, স্কুটারে চড়ে শহরের অলিগলিতে ঘোরা বা ছোট শহরের মাটির গন্ধে মেখে থেকে যাওয়ার জন্য তিনি প্রশংসিত। সাদাসিধে জীবনযাপন হলেও এই তারকার পারিশ্রমিক কত জানেন? সম্প্রতি সেই প্রশ্নের জবাবেই চমকে দিলেন সঙ্গীত পরিচালক মন্টি শর্মা।
'দেবদাস'-এর সঙ্গীত পরিচালক মন্টি শর্মা সম্প্রতি এক বেসরকারি সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, ইন্ডাস্ট্রির অনেক কিছুই বদলে গেছে। আগে অত টাকা ছিল না ইন্ডস্ট্রিতে, এখন গানের বাজারে বিপুল টাকা। মন্টির কথায়, 'আগে আমরা ২ লাখ টাকা খরচ করে একটি গান তৈরি করতাম, তাতে ৪০টি বেহালা-সহ গোটা অর্কেস্ট্রা থাকত। ধীরে ধীরে আমি নিজেই একটা ব্র্যান্ড হয়ে উঠি, আর একটি গানের জন্য ৩৫ হাজার টাকা নেওয়া শুরু করি।'
এই পরিবর্তনের প্রসঙ্গেই উঠে আসে অরিজিৎ সিংয়ের নাম। মন্টিই জানান, অরিজিৎ যখন তাঁর সঙ্গে বসতেন, তখন ছ’ঘণ্টা একটানা রিহার্সাল করতেন। এখন তিনি একটা শোয়ের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নেন। কেউ যদি এখন অরিজিৎকে দিয়ে শো করাতে চান, তাহলে তাঁকে ওই টাকাটাই দিতে হবে।
আগেকার দিনে মানুষ গান শুনত রেডিও বা টিভিতে। এখন যুগ বদলেছে। ইউটিউব, ওটিটি প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম রিল, সব মিলিয়ে গায়কদের এক্সপোজার অনেক বেড়ে গেছে বলে মনে করেন মন্টি। ফলে আয়ের পরিমাণও আকাশছোঁয়া বলেই মত তাঁর। বলেন, 'এখন আমি যদি ১৫-২০ লাখ টাকা খরচ করে একটি গান করি, তার ৯০ শতাংশ কপিরাইট নিয়ে নেয় অডিও কোম্পানিগুলি। তারা এখন প্রচুর টাকা উপার্জন করছে।'
এই মন্তব্যে স্বাভাবিকভাবেই ফের আলোচনায় উঠে এলেন অরিজিৎ। তাঁর গায়কির জাদু যেমন শোনে দেশবাসী, তেমনই তাঁর পারিশ্রমিক নিয়েও রইল বিস্ময়ের রেশ। শুধু গান নয়, লাইভ শো বা স্টেজ পারফরম্যান্সও যে এই যুগে গায়কদের আয়ের বড় উৎস হয়ে দাঁড়িয়েছে, মন্টি শর্মার মন্তব্যে তা ফের একবার স্পষ্ট।