জেল থেকে বেরিয়েই বিস্ফোরক মন্তব্য! ভগবান কৃষ্ণের সঙ্গে নিজের জেলযাত্রার তুলনা করলেন বিক্রম ভাট।

বিক্রম ভাট
শেষ আপডেট: 21 February 2026 18:24
দ্য ওয়াল ব্যুরো: ৩০ কোটি টাকার জালিয়াতির মামলায় দু’মাস জেল খেটে অবশেষে জামিন পেলেন চিত্রনির্মাতা বিক্রম ভাট। শুক্রবার, ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। জেল থেকে বেরিয়েই সংবাদমাধ্যমের সামনে এসে নিজের অভিজ্ঞতা এবং অনুভূতির কথা ভাগ করে নেন পরিচালক। তবে সেই সময়ই তাঁর মুখে শোনা যায় এক অদ্ভুত দাবি।
জেলে কাটানো সময়ের কথা বলতে গিয়ে বিক্রম ভাট বলেন, এই অভিজ্ঞতাকে তিনি একেবারেই অন্যভাবে দেখছেন। তাঁর কথায়, “এটা পঞ্চম ধাম। আমি ভগবান কৃষ্ণ-এর ভক্ত। উনি যেখানে জন্মেছেন, আমি সেখানে থেকে এলাম। এখান থেকে বেরিয়ে আমি আগের থেকে দ্বিগুণ ভাল আছি।”
এখানেই থেমে থাকেননি তিনি। ভবিষ্যৎ নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিক্রম। তাঁর সংযোজন, “ভগবান কৃষ্ণের মতো আমাকেও নতুন লড়াই লড়তে হবে। এর বেশি আমি কিছু বলতে চাই না।”
একই সঙ্গে দেশের আইন ব্যবস্থার উপর নিজের অটুট আস্থার কথাও স্পষ্ট করে দেন পরিচালক। তিনি বলেন, তাঁর সবসময়ই ভারতীয় আইনের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল এবং এখনও রয়েছে।
৩০ কোটি টাকার জালিয়াতির এই মামলায় দু’মাস জেলবন্দি থাকার পর জামিন পেয়ে বেরিয়ে বিক্রম ভাটের এই মন্তব্য ইতিমধ্যেই নানা মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।