‘বন্দে মাতরম’ সংক্রান্ত কেন্দ্রের নতুন নির্দেশিকা ঘিরে বিতর্কের মাঝেই হিন্দু রাষ্ট্রের পক্ষে মন্তব্য করলেন প্রবীণ অভিনেতা অন্নু কাপুর।

অন্নু কাপুর
শেষ আপডেট: 21 February 2026 18:08
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের ‘বন্দে মাতরম’ সংক্রান্ত নতুন নির্দেশিকা ঘিরে দেশজুড়ে বিতর্কের আবহ তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সমস্ত সরকারি অনুষ্ঠান এবং স্কুলে জাতীয় সঙ্গীত জন গণ মন পরিবেশনের পর বাধ্যতামূলকভাবে বাজাতে হবে বন্দে মাতরম। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই বিভিন্ন মহলে মতভেদ দেখা দিয়েছে।
এই প্রসঙ্গে নিজের মতামত জানাতে গিয়ে প্রবীণ অভিনেতা অন্নু কাপুর (Annu Kapoor) সরাসরি হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করেছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ—সব ধর্মের জন্য আলাদা দেশ থাকতে পারে, তাহলে হিন্দু রাষ্ট্রের ধারণা নিয়ে আপত্তি কেন? ধর্মের ভিত্তিতেই তো বহু দেশ নিজেদের পরিচিতি তৈরি করেছে। তাই ভারতে হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনা হলে তাকে অস্বাভাবিক বলা উচিত নয়।”
কেন্দ্রের এই নির্দেশিকাকে সমর্থন জানিয়ে অন্নু আরও বলেন, এটি অত্যন্ত ভালো সিদ্ধান্ত। তাঁর দাবি, গত ৩২ বছর ধরেই তিনি ‘বন্দে মাতরম’ বলে আসছেন। তাঁর কথায়, “আমেরিকা, নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেলেস—যেখানেই যান না কেন, যদি কোনও বিদেশির মুখে ‘বন্দে মাতরম’ শুনতে পান, তাহলে ভাববেন তারা আমার থেকেই এই অভ্যাস পেয়েছে।”
ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রসঙ্গ টেনে অভিনেতা সংস্কৃত ভাষার গুরুত্বও তুলে ধরেন। তাঁর মতে, সংস্কৃত বিশ্বের প্রাচীনতম ভাষাগুলির মধ্যে অন্যতম এবং এতে অসাধারণ সাহিত্য রচিত হয়েছে। তিনি বলেন, “সংস্কৃতে প্রার্থনা করলে যদি কেউ মনে করেন সেটি শুধু হিন্দুর প্রার্থনা, তাহলে সমস্যা কোথায়? একজন হিন্দুও তো প্রার্থনা করতে পারেন। আর সেই প্রার্থনা শুধু নিজের জন্য নয়, সমগ্র বিশ্বের কল্যাণের জন্যও হতে পারে।”
এরপরই তিনি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অন্নুর কথায়, “হিন্দুদের একজোট হয়ে দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা উচিত। ঐক্য থাকলেই আমরা যে কোনও শত্রুর মোকাবিলা করতে পারব।”
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক দেশে হিন্দু রাষ্ট্র নিয়ে খোলামেলা ও যুক্তিসঙ্গত আলোচনা হওয়া প্রয়োজন। ভারতের সভ্যতা ও সংস্কৃতি হাজার বছরের পুরনো ঐতিহ্যের উপর দাঁড়িয়ে। তাই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত।”