দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির নাম এবার জড়াল বিতর্কে। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ এনেছেন রম্য মোহন নামের এক মহিলা।

বিজয় সেতুপতি
শেষ আপডেট: 31 July 2025 12:11
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির নাম এবার জড়াল বিতর্কে। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ এনেছেন রম্য মোহন নামের এক মহিলা। বিষয়টি নিয়ে একসময় অভিনেতা চুপ থাকলেও, শেষমেশ নীরবতা ভেঙে প্রকাশ্যে মুখ খুললেন বিজয়।
ঘটনার সূত্রপাত এক্স-এ রম্যার একটি পোস্ট থেকে। তিনি লেখেন, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ এবং মাদকসেবন কোনও নতুন বিষয় নয়। তিনি এমন এক মেয়েকে চেনেন, যিনি দীর্ঘদিন ধরে এক জনপ্রিয় অভিনেতার দ্বারা শোষণের শিকার হয়েছেন। সেই অজ্ঞাতপরিচয় মহিলা বর্তমানে একটি পুনর্বাসন কেন্দ্রে রয়েছেন। তাঁর অভিযোগ, ওই অভিনেতা শুধুমাত্র যৌন হেনস্থা নয়, আর্থিক তছরুপের সঙ্গেও জড়িত।
প্রথমদিকে এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া না দিলেও, এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বিজয় সেতুপতি বলেন, “আমায় যারা সত্যিই চেনে, তারা এই অভিযোগ শুনে শুধু হাসবে। আমি নিজেকে জানি। এ ধরনের নোংরা অভিযোগে আমি মোটেও বিচলিত হই না।”
তবে বিষয়টি তাঁর ব্যক্তিগত পরিসরে প্রভাব ফেলেছে বলেও জানান অভিনেতা। “আমার পরিবার আর বন্ধুদের মন খারাপ হয়ে গিয়েছিল এই অভিযোগ পড়ে। আমি সবাইকে বুঝিয়ে বলেছি, এমন ভুল এবং ভিত্তিহীন কথায় গুরুত্ব দেওয়ার দরকার নেই। যিনি এই অভিযোগ করেছেন, কিছু সময়ের জন্য হলেও সবাই তাঁকে গুরুত্ব দিচ্ছে—তাঁকে সেটা উপভোগ করতে দেওয়া হোক।”
প্রাথমিক পোস্টের পরে, কিছু সময়ের মধ্যেই রম্য মোহন নিজের টুইটটি মুছে দেন। কারণ হিসেবে তিনি জানান, যাঁর কথা তিনি তুলে ধরেছেন, সেই মহিলার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। তাই টুইটটি মুছে দেন যাতে সেই নারীর কোনওরকম সমস্যা না হয়।
যদিও সোশ্যাল মিডিয়ায় বিতর্ক এখনও চলছেই। অনেকেই ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন, আবার কেউ কেউ রম্যর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। বিজয় সেতুপতি এখনও পর্যন্ত কোনও আইনি পদক্ষেপের কথা বলেননি। তবে তাঁর বক্তব্যের পরও বিতর্ক পুরোপুরি থামেনি বলেই মত নেটিজেনদের একাংশের।