বিয়ের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না, বরং গোটা দেশকে সেই আনন্দের অংশীদার করতে অভিনব উদ্যোগ নিয়েছেন 'বিরোশ'। নিজেদের ব্যক্তিগত সুখকে চার দেওয়ালের মধ্যে আটকে না রেখে, তাঁরা সেটিকে ছড়িয়ে দিতে চাইছেন দেশ জুড়ে, অচেনা মানুষের মুখে হাসি হয়ে।

শেষ আপডেট: 28 February 2026 23:30
দ্য ওয়াল ব্যুরো: তারকাদের বিয়ে মানেই ঝলমলে আয়োজন, আলোর রোশনাই, আর সোশ্যাল মিডিয়ায় সাজানো মুহূর্তের বন্যা। কিন্তু সেই চেনা ছবিটাকেই যেন একটু অন্যরকম রঙে রাঙাতে চাইছেন সদ্য বিবাহিত দক্ষিণী তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। বিয়ের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না তাঁরা বরং গোটা দেশকে সেই আনন্দের অংশীদার করতে অভিনব উদ্যোগ নিয়েছেন (Vijay Deverakonda Rashmika wedding celebration)।
সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় এই তারকা জুটি জানিয়েছেন, তাঁদের জীবনের এই বিশেষ মুহূর্ত উদ্যাপন করতে তাঁরা বেছে নিয়েছেন দেশজুড়ে মিষ্টি বিতরণ এবং বিভিন্ন মন্দিরে ‘অন্নদানম’ (অন্নদান)-এর পরিকল্পনা, যা কিনা ভারতীয় সংস্কৃতির দুই গভীরতম আনন্দভাষা। নিজেদের ব্যক্তিগত সুখকে চার দেওয়ালের মধ্যে আটকে না রেখে, তাঁরা সেটিকে ছড়িয়ে দিতে চাইছেন দেশ জুড়ে, অচেনা মানুষের মুখে হাসি হয়ে।
সোশ্যাল মিডিয়ায় তাঁরা লিখেছেন, “আপনারা সবসময় আমাদের যাত্রা ও ভালবাসার অংশ হয়ে ছিলেন। তাই আমাদের বিয়ের আনন্দ আপনাদের সঙ্গেই ভাগ করে নিতে চাই। ভারত তো সবকিছুই উদ্যাপন করে মিষ্টি আর খাবারের মাধ্যমে।”
সেই ভাবনা থেকেই ১ মার্চ দেশজুড়ে ট্রাকভর্তি মিষ্টি পাঠানোর পরিকল্পনা করেছেন নবদম্পতি, যাতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁদের এই আনন্দে শামিল হতে পারেন। শুধু মিষ্টি বিতরণই নয়, দেশের একাধিক মন্দিরে অন্নদানের আয়োজনও করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে আশীর্বাদ কামনাও করেছেন বিজয় ও রশ্মিকা।
কোথায় কোথায় অন্নদান (Annadanam) হবে?
দেশের বিভিন্ন রাজ্যের একাধিক মন্দিরে এই অন্নদান কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য শিবহম মন্দির (বেঙ্গালুরু, কর্ণাটক), শ্রীশ্রী কৃষ্ণ বলরাম মন্দির (বৃন্দাবন, উত্তরপ্রদেশ), শ্রী রুক্মিণী মন্দির (গুয়াহাটি, অসম)। এছাড়াও কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু, ছত্তিশগড়-সহ আরও একাধিক রাজ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
দেশজুড়ে কোথায় কোথায় মিষ্টি বিতরণ?
মিষ্টি বিতরণের তালিকায় রয়েছে দেশের একাধিক বড় শহর হায়দরাবাদ, মহবুবনগর, করিমনগর (তেলেঙ্গনা), দিল্লি, চণ্ডীগড়-সহ আরও ১৬টি শহরে।
তবে বিহারে এই কর্মসূচি একদিন দেরিতে, সোমবার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে, কারণ ট্রেন দুর্ঘটনার জেরে পরিবহণে বিলম্ব হয়েছে।
‘সবার আশীর্বাদ চাই’
বার্তার শেষে বিজয় ও রশ্মিকা লিখেছেন, “দেশ জুড়ে এই উদ্যাপনের মাধ্যমে আমরা সবার আশীর্বাদ চাইছি।”
তারকা জুটির এই উদ্যোগ ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, ব্যক্তিগত সুখকে সমাজের সঙ্গে ভাগ করে নেওয়ার এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।