অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণী তারকা বিজয় দেবেরকোন্ডা। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেতা।

বিজয় দেবেরকোন্ডা
শেষ আপডেট: 18 July 2025 15:43
দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণী তারকা বিজয় দেবেরকোন্ডা। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেতা। বর্তমানে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
বিজয়ের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও, আপাতত সমস্ত প্রচারমূলক কাজ থেকে বিরতি নিতে বাধ্য হয়েছেন তিনি। ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে গৌতম তিন্নানুরি পরিচালিত স্পাই থ্রিলার ‘কিংডম’, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে বিজয়কে। তবে এখনই তাঁকে ছবির প্রচারে অংশ নিতে দেখা যাবে না বলে জানা গিয়েছে। আশা করা হচ্ছে, শারীরিক অবস্থার উন্নতি হলে ২০ জুলাইয়ের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি।
সূত্র মারফত খবর, হাসপাতালে বিজয়ের সঙ্গে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরাও। চিকিৎসকদের ঘনিষ্ঠ নজরদারিতে রয়েছেন তিনি। আপাতত জ্বর ও দুর্বলতা থাকলেও ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে বলেই জানানো হয়েছে।
‘কিংডম’ নিয়ে কী জানা যাচ্ছে?
‘জার্সি’খ্যাত পরিচালক গৌতম তিন্নানুরির নতুন ছবি ‘কিংডম’—স্বাধীনতা-পরবর্তী শ্রীলঙ্কার সিংহলি-তামিল সংঘর্ষের পটভূমিতে তৈরি এক স্পাই অ্যাকশন থ্রিলার। এক সাধারণ মানুষের নেতা হয়ে ওঠার যাত্রা উঠে এসেছে এই ছবিতে। এতে বিজয় দেবেরকোন্ডা ছাড়াও রয়েছেন ভাগ্যশ্রী বোর্সে ও সত্যদেব। সঙ্গীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর, যিনি এই প্রথম বিজয়ের সঙ্গে কাজ করলেন।
বিশেষত, এই ছবির ডিজিটাল রাইটস ইতিমধ্যেই ৫০ কোটি টাকায় কিনে নিয়েছে নেটফ্লিক্স, যা ঘিরে শুরু হয়েছে বড়সড় আলোচনা। ‘কিংডম’-এর পর বিজয় দেবেরকোন্ডা আরও দুটি বড় মাপের ছবিতে কাজ করতে চলেছেন বলে খবর। একটি ছবি পরিচালনা করছেন রাহুল সাংকৃত্যন, যার অস্থায়ী নাম ‘VD14’, যা ঔপনিবেশিক ভারতের পটভূমিতে এক ঐতিহাসিক যুদ্ধনাটক। অপর একটি প্রোজেক্ট ‘SVC59’, যা পরিচালনা করছেন রবি কিরণ কোলা। দু'টি ছবিই বিজয়ের ভক্তদের মধ্যে আগ্রহ বাড়িয়ে তুলেছে।