উদয়পুরে ২৬ ফেব্রুয়ারি কি বসছে বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মান্দানার বিয়ের আসর? ওটিটি-র কোটি টাকার ভিডিও স্বত্বের প্রস্তাব ফিরিয়ে দিলেন তারকা জুটি।

বিজয়–রশ্মিকা
শেষ আপডেট: 13 February 2026 16:52
দ্য ওয়াল ব্যুরো: বিটাউন থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি, সর্বত্র এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: কবে চার হাত এক হবে বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মান্দানার (Rashmika Mandanna)? দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। যদিও এই জনপ্রিয় জুটি এখনও পর্যন্ত প্রেম বা বিয়ে নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি, তবু ইন্ডাস্ট্রির অন্দরমহলে জোর গুঞ্জন— আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের এক রাজকীয় প্রাসাদে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। আর সেই সম্ভাব্য মাহেন্দ্রক্ষণকে ঘিরেই সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য।
তেলুগু সিনেমার জনপ্রিয় পোর্টাল ‘তুপাকি’-র রিপোর্টে দাবি করা হয়েছে, একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম তাঁদের বিয়ের ভিডিওর এক্সক্লুসিভ স্বত্ব কেনার জন্য বিপুল অঙ্কের প্রস্তাব দিয়েছিল। পরিকল্পনা ছিল, বিয়ের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে তা তথ্যচিত্র আকারে প্রকাশ করা হবে। সাম্প্রতিক সময়ে তারকাদের বিয়ে নিয়ে যত বড় চুক্তির প্রস্তাব এসেছে, এটি নাকি তার মধ্যেই অন্যতম। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই মোটা অঙ্কের ‘লুক্রেটিভ’ অফার ফিরিয়ে দিয়েছেন বিজয় ও রশ্মিকা।
সূত্রের খবর, জীবনের এই বিশেষ মুহূর্তকে ব্যবসায়িক রূপ দিতে নারাজ এই তারকা জুটি। অতীতে নয়নতারা-র বিয়ের ভিডিও ঘিরে যে ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়েই নাকি সতর্ক সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বিশেষ করে বিজয় দেবেরাকোন্ডা বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। তাঁর ইচ্ছা, উদয়পুরের সেই রাজকীয় অনুষ্ঠানটি যেন কেবল ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত এবং ঘরোয়া আবহেই সম্পন্ন হয়। কোনও বাণিজ্যিক প্রচার বা অতিরিক্ত লাইমলাইট তিনি চান না।
শোনা যাচ্ছে, গত বছরের অক্টোবরেই নাকি গোপনে আংটি বদল সেরেছেন বিজয় ও রশ্মিকা মান্দানা। ‘হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি হেরিটেজ প্যালেসেই বসতে চলেছে তাঁদের তথাকথিত ‘রয়্যাল ওয়েডিং’। বাগদানের মতোই বিয়েতেও নাকি তারকা অতিথিদের ভিড় থাকবে না; উপস্থিত থাকবেন শুধুই দুই পরিবারের সদস্য এবং অতি ঘনিষ্ঠজনেরা।
উল্লেখ্য, সম্প্রতি ইতালির রোম-এ একসঙ্গে নববর্ষ উদযাপন করতে দেখা গিয়েছিল এই জুটিকে। যদিও তাঁরা আলাদা আলাদা ছবি পোস্ট করেছিলেন, কিন্তু নেটিজেনদের নজর এড়ায়নি যে ছবির পটভূমি ছিল প্রায় একই। দীর্ঘদিনের জল্পনা-জট কেটে আদৌ কি উদয়পুরের প্রাসাদে সাত পাকে বাঁধা পড়বেন এই ‘গীতি গোবিন্দম’ জুটি? এখন সেই ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছেন তাঁদের অগণিত অনুরাগী।