বিয়ের পর এই প্রথম অনুরাগীদের সঙ্গে সরাসরি দেখা করলেন তাঁরা। তার আগেই অবশ্য গিয়েছিলেন তেলেঙ্গানার থাম্মানপেটের পৈতৃক ভিটেতে। সেখানে পুজো দিয়েই জুটি নতুন জীবন শুরু করেন। গ্রামের মানুষের সঙ্গে সময় কাটান বেশ কিছুক্ষণ।
.jpeg.webp)
শেষ আপডেট: 4 March 2026 15:58
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের আনন্দ এখনও ফুরোয়নি। সপ্তাহ ঘুরতেই অনুরাগীদের সামনে প্রথমবার একসঙ্গে হাজির হলেন দক্ষিণী তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। হায়দরাবাদে তাঁদের গ্র্যান্ড রিসেপশনের ঠিক আগে আয়োজন করা হয়েছিল এক বিশেষ সাক্ষাৎপর্বের, যেখানে নবদম্পতি অনুরাগীদের নিজেদের ‘বর্ধিত পরিবার’ বলেই সম্বোধন করে নজর কাড়েন।
ফুলে সাজানো এই প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। প্রবেশদ্বারে লেখা—ভালবাসা-সহ স্বাগত। সেই আবহেই একে একে উপস্থিত অতিথিদের সঙ্গে দেখা করলেন বিজয় ও রশ্মিকা। কারও সঙ্গে করমর্দন, কারও সঙ্গে আলিঙ্গন, কারও হাতে অটোগ্রাফ—তারকাসুলভ দূরত্বের বদলে যেন ছিল আন্তরিকতার ছোঁয়া। এমনকি নিজেরাই অতিথিদের খাবার পরিবেশন করেন। এরই ফাঁকে রশ্মিকাকে দেখা যায় সবার সামনে বিজয়কে নিজের হাতে খাইয়ে দিতে। মুহূর্তটি ক্যামেরাবন্দি হতেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, আর প্রশংসায় ভরে ওঠে কমেন্ট বক্স।
বিয়ের পর এই প্রথম অনুরাগীদের সঙ্গে সরাসরি দেখা করলেন তাঁরা। তার আগেই অবশ্য গিয়েছিলেন তেলেঙ্গানার থাম্মানপেটের পৈতৃক ভিটেতে। সেখানে পুজো দিয়েই জুটি নতুন জীবন শুরু করেন। গ্রামের মানুষের সঙ্গে সময় কাটান বেশ কিছুক্ষণ। শুধু অনুষ্ঠানেই এই সাক্ষাৎ সীমাবদ্ধ থাকেননি—নিজেদের গ্রামের কিছু ছাত্রছাত্রীর শিক্ষার দায়িত্ব নেওয়ার কথাও ঘোষণা করেন তাঁরা। তারকাখ্যাতির পাশাপাশি সমাজের প্রতি এই দায়বদ্ধতার কারণেও চর্চায় উঠে আসেন তাঁরা।
সোশ্যাল মিডিয়াতে নজর কেড়েছে তাঁদের বেশ কিছু রোম্যান্টিক মুহূর্তের ছবি। বিয়ের বিশেষ দিনের ছবি শেয়ার করে রশ্মিকা লিখেছেন, সেই রাত তাঁদের জীবনের স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
এবার সকলের নজর বুধবারের জমকালো রিসেপশন পার্টির দিকে। রাজনৈতিক মহল থেকে চলচ্চিত্র জগত—বহু পরিচিত মুখ উপস্থিত থাকতে পারেন বলেই জল্পনা। সব মিলিয়ে বিজয়-রশ্মিকার নতুন জীবনের সূচনা যেন উৎসবের আবহেই আরও একবার উদ্যাপিত হতে চলেছে।