২০২৪ সালে তাঁর জীবনে যুক্ত হয়েছে আরও একটি বড় সাফল্য। বিভিন্ন আর্থিক প্রতিবেদন অনুসারে, শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ এক বিলিয়ন ডলার ছুঁয়েছে। অর্থাৎ, তাঁর নাম এখন বিলিয়নিয়ারের তালিকায় রয়েছে।
.jpeg.webp)
শেষ আপডেট: 4 March 2026 11:49
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘কিং’ হিসেবে পরিচিত শাহরুখ খান (Shah Rukh Khan) বহু বছর ধরেই দেশ-বিদেশের দর্শকের হৃদয়ে রাজত্ব করছেন। ভাষা, দেশ বা প্রজন্ম—কোনও সীমাই যেন তাঁর জনপ্রিয়তাকে আটকে রাখতে পারেনি। আশির বেশি ছবিতে অভিনয় করে তিনি তৈরি করেছেন বিশাল এক বিশ্বব্যাপী নিজের পরিচিতি। দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, মাই নেম ইজ খান কিংবা চেন্নাই এক্সপ্রেস—প্রতিটি ছবিই তাঁকে বিশ্ব সিনেমার পরিচিত মুখ করে তুলেছে।
২০২৪ সালে তাঁর জীবনে যুক্ত হয়েছে আরও একটি বড় সাফল্য। বিভিন্ন আর্থিক প্রতিবেদন অনুসারে, শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ এক বিলিয়ন ডলার ছুঁয়েছে। অর্থাৎ, তাঁর নাম এখন বিলিয়নিয়ারের তালিকায় রয়েছে। তবে তাঁর আয় যে শুধু সিনেমা থেকেই হয়, এমনটা নয়। প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সে মালিকানা এবং একাধিক বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন—সব মিলিয়েই তৈরি হয়েছে তাঁর এই বিশাল সাম্রাজ্য।
তবে এত সাফল্যের মাঝেও সম্প্রতি একটি মজার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিদেশের একটি কুইজ শো-তে প্রতিযোগীকে প্রশ্ন করা হয়—‘বিলিয়নিয়ার শাহরুখ খান কোন ক্ষেত্রে সাফল্যের জন্য সবচেয়ে বেশি পরিচিত?’ অপশন ছিল—সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফিল্ম অ্যাক্টিং, মোটর রেসিং ও প্রফেশনাল পোকার।
অবিশ্বাস্য হলেও এটাই সত্যি, প্রতিযোগী বেছে নেন ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট’। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। অনুরাগীরা মজা করে বলেন, দু’হাত ছড়িয়ে রোম্যান্সের যে ভঙ্গি বিশ্বজুড়ে পরিচিত, তা নিশ্চয়ই সফটওয়্যার বানিয়ে নয়!
২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো ছবির বিপুল বক্স অফিস সাফল্যের পর শাহরুখ খান আবারও প্রমাণ করেছেন, তিনি এখনও সমান জনপ্রিয়। আর এই ছোট্ট কুইজ বিভ্রাট যেন পলকে চমকে দিল সুপারস্টারের অনুরাগীদের।