ভালবাসার টান আছে, প্রেমের পাতা নড়া আছে কিন্তু ডাল ভাঙে না। এদিকে দর্শকদের প্রবল ইচ্ছে সাত পাকের বাঁধনে এবার অন্তত বাঁধা পড়ুক তাঁরা দু'জন।

'চিরসখা'। গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 3 June 2025 20:23
দ্য ওয়াল ব্যুরো: প্রেম যে এ যুগেও শুধুমাত্র স্বর্গীয় হতে পারে তা প্রমাণ করেছে কমলিনী আর স্বতন্ত্রর জুটি। ভালবাসার টান আছে, প্রেমের পাতা নড়া আছে কিন্তু ডাল ভাঙে না। এদিকে দর্শকদের প্রবল ইচ্ছে সাত পাকের বাঁধনে এবার অন্তত বাঁধা পড়ুক তাঁরা দু'জন। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো কমলিনীর দরজায় এসে দাঁড়ালেন তাঁর মৃত স্বামী। এত যুগ পর বরের মতো অবিকল পুরুষকে দেখে চমকে যান কমলিনী, তাঁর শাশুড়ি, ছেলেমেয়ে সবাই। কিন্তু লীনা গঙ্গোপাধ্যায়ের এমন প্লটে 'চিরসখা'র হাত ছাড়তে চাইছেন ছোট পর্দার দর্শকরা।

সদ্য দেখানো হয়েছিল যে, মাইল্ড কার্ডিয়াক অ্যাটাক হয় স্বতন্ত্রর। আর ফলে ‘নতুন কাকু’কে বাড়িতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় গোটা পরিবার। দর্শকরা ভেবেছিলেন এবার নতুন কাকু ঘরের ছেলে ঘরে ফিরলে, আবার প্রেমের তরী ভাসবে স্বতন্ত্র-কমলিনীর। তবে এসবের মাঝেই জলসায় এল নতুন প্রোমো। যেখানে দেখা গেল, ফিরে এসেছে কমলিনীর মৃত স্বামী। দরজায় বেল দিয়ে হাজির বুবলাইদের বাবা। আর এই প্রোমো দেখে, লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় আরও একবার ট্রোলে।

যখন দর্শকরা ভেবেছিলেন নায়িকার দরজায় এসে স্বতন্ত্র কলিং বেল বাজাবেন, তখন মৃত স্বামী এসে 'কুমু' বলে ডাকছেন। লীনার কলমের এমন খোঁচায় চটে লাল দর্শক।
লীনা একতা কাপুরের সিরিয়াল প্লটে হাঁটছেন। ঠিক সেই ২০ বছর আগেকার হিন্দি সিরিয়ালের প্লটের অনুকরণ করছেন লীনা দেবী। দর্শকরা এবার তাই লীনাকে বিশ্রাম ঘরে যেতে বলছেন।
দর্শকরা লিখছেন, জঘন্য মিথ্যাচার করছেন লেখিকা, আর দেখব না। প্রতিটা সিরিয়ালের মতো, এটাও জঘন্য করে ফেলল। গল্পটা কী ছিল আর কী হয়ে গেল। এখনও পর্যন্ত একটাও এপিসোড মিস করিনি, কিন্তু আজ থেকে চিরসখা দেখা বন্ধ হয়ে গেল। জঘন্য জঘন্য।’