‘পরিণীতা’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন বিদ্যা বালন। প্রথম ছবির আগে নাক সার্জারির পরামর্শ দেন প্রযোজক বিধু বিনোদ চোপড়া।

বিদ্যা বালান
শেষ আপডেট: 2 August 2025 18:00
দ্য ওয়াল ব্যুরো: ২০০৫ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ উপন্যাস অবলম্বনে তৈরি ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন বিদ্যা বালান। ছবিটি পরিচালনা করেছিলেন প্রয়াত প্রদীপ সরকার, প্রযোজনা করেছিলেন বিধু বিনোদ চোপড়া। সেখান থেকেই শুরু তাঁর দীর্ঘ পথচলা। কিন্তু সেই শুরুর দিকেই এক মুহূর্ত এসেছিল যা তাঁকে একেবারে কাঁপিয়ে দিয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী শেয়ার করলেন সেই অভিজ্ঞতা।
বিদ্যার কথায়, “ফিল্ম শুরুর আগে বিধু বিনোদ চোপড়া আমায় বলেছিলেন— ‘তোমার নাকটা খুব লম্বা, সার্জারি করিয়ে নাও।’ বলেন, “আমি ভয় পেয়ে গিয়েছিলাম। স্পষ্ট বলেছিলাম, ‘আমি এটা করব না।’ কারণ আজ অবধি আমি নিজের মুখে কিচ্ছু করিনি। মাঝে মাঝে ফেশিয়াল করাই, ব্যাস। আমি যেমন, তেমনই থাকি। ভগবান যেভাবে দিয়েছেন, খুব সুন্দরভাবেই দিয়েছেন।”
তবে এটাই প্রথম নয়। এর আগে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তাঁর কেরিয়ারের শুরুর সময়ও এমন অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি। এক মালয়ালম ছবিতে কাজ করার সময় তাঁকে নিজের পদবিও বদলাতে বলা হয়েছিল। বলেছিলেন, “আমায় বলা হয়েছিল, তুমি তো আইয়ার, তাই নাম রাখো 'বিদ্যা আইয়ার', ‘বিদ্যা বালন’ নয়। আমি রাজি হয়ে নাম বদলে ফেলেছিলাম, আর বাড়ি ফিরে কেঁদেছিলাম। বাবা-মা তখন বলেছিলেন, ‘তুমি সবসময়ই বিদ্যা বালনই থাকবে।’ পরে ছবিটাও আর হয়নি।”
এই অভিজ্ঞতা থেকেই তিনি শিখেছিলেন, নিজেকে যদি ঠিক না লাগে, তাহলে তা কাজেও আসবে না। চোপড়ার প্রস্তাবেও সেই একই অনুভূতি হয়েছিল তাঁর। এরপর তিনি পরিচালক প্রদীপ সরকারকে গিয়ে সব জানান। তখন দাদা তাঁকে আশ্বস্ত করেন— “আমি সামলে নেব।”
তবে বিদ্যার মতে, বিধু বিনোদ চোপড়ার প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করা ছিল খুবই শৃঙ্খলাপূর্ণ ও পেশাদার পরিবেশে। “আমি প্রথম তিনটে ছবি করেছি ওঁদের সংস্থার সঙ্গে। সব প্রস্তুতি আগে থেকে থাকত, সেটে গিয়ে সময় নষ্ট হত না। এটা আমার ‘আলমা মেটার’ বলেই মনে হয়।”